দেশের তাঁত, জামদানি, বেনারসী ও পাট শিল্পকে আরও সমৃদ্ধ করতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরিফুল আলম।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার চৌরাস্তায় তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, হারিয়ে যাওয়া ঐতিহ্য জিআই পণ্যগুলোকে বাঁচিয়ে রাখতে ও আন্তর্জাতিক বাজারে প্রসার ঘটাতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। তাঁতীদের অধুনিক প্রযুক্তির শিক্ষায় দীক্ষিত করতে এই প্রশিক্ষণ সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে প্রতি বছর ৩০০ জন তাঁতী আধুনিক প্রশিক্ষণ নেয়ার সুযোগ পাবেন।
এছাড়া তাদের উৎপাদিত পন্য দেশে বিদেশে বাজারজারকরণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
সকল তাঁতী এবং উদ্যোক্তাদের বকেয়া ঋণ পরিশোধের আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামি বছর গত বছরের চেয়ে বেশি ঋণ প্রদান করা হবে। পাশাপাশি পাট শিল্পকে সমৃদ্ধ করতে মানসম্মত বীজ উৎপাদন সহ বন্ধ হয়ে যাওয়া সব পাটকল পুনরায় চালু করার উদ্যোগ নেয়া হচ্ছে।
এছাড়া পার্বত্য অঞ্চলে বন্যা কবলিত তাঁতীদের সহযোগিতা পৌঁছাতে বস্ত্র ও পাট মন্ত্রনালয় উদ্যোগ গ্রহণ করছে বলেও জানান প্রতিমন্ত্রী মো: শরিফুল আলম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরি, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকি।






































আপনার মতামত লিখুন :