News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় চুরি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৬:৪৭ পিএম সিদ্ধিরগঞ্জে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় চুরি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসবাসরত আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রাহীর দাবি স্থানীয় সাইদুর রহমান নামের এক ব্যক্তি ও তর সহযোগীরা প্রায় ১০ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নিজ গ্রাম থেকে ফিরে নাসিক ৪নং ওয়ার্ডের ভূমিপল্লী এলাকার ‘সাহানারা মঞ্জিল নামক ভাড়া বাসায় এসে এমন দৃশ্য দেখতে পান তিনি।

চুরির ঘটনা বসবাসরত বাড়ির পরিচালনার দায়িত্বে থাকা (কেয়ারটেকার) আপেল রাসেল (৪০) নামের ব্যক্তির নামে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাহী। 

কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, ১ জুলাই ২০২৬ হতে তিনি চাঁদপুরের  এক বাসিন্দার ভূমিপল্লীস্থ 'সাহানারা মঞ্জিল' নামক ভবনের ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। সবশেষ ৭আগস্ট নিজের শারীরিক অসুস্থতার কারণে তিনি ভূমিপল্লীর বাসাকে তালাবদ্ধ রেখে নিজের গ্রামে যান। গ্রামে থাকা অবস্থায় সম্প্রতি সাইদুর রহমান নামের এক স্থানীয় বাসিন্দা তার মুঠোফোন কল দিয়ে সাবধানে থাকার পরামর্শ দেন। এরপর ১৫ সেপ্টেম্বর বাসায় ফিরে দেখতে পান যে বাসার সকল আসবাবপত্র লুট হয়েছে। 

তিনি বলেন, সাইদুর রহমান নামের ওই ব্যক্তিকে আমি পূর্ব থেকে চিনি না। উনার সাথে একদিন বাসার নিচে দেখা হয়েছিল। দেখা হবার দিনে ওই ব্যক্তি আমাকে আগে থেকে চিনে বলে জানান এবং বলেছিলেন যে এই মহল্লার ছেলেপেলেরা আমাকে খোঁজাখুঁজি করছেন।  তখন আমি তাকে প্রশ্ন করি যে আমি কি চোর বাটপার আমাকে পোলাপান খুঁজবে? তখন উনি ঠান্ডা মাথায় আমাকে হুমকি দিয়ে বলেছিলেন এই এলাকায় আমি তোমার ভাই কেউ কিছু করতে আসলে আমাকে জানাবে। 

রাহী বলেছেন, সাইদুর রহমানরা আমার ঘরের এসি, ফ্রিজ, খাট, রান্নাঘরের চুলা, স্বর্ণের গয়না ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র যা ছিল সব কিছু নিয়ে গেছেন। আমার একটা জামাকাপড়ও রেখে যায়নি। সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়া হয়েছে।

অভিযোগে সাইদুরের নাম না দেওয়ার কারণ জানতে চাইলে রাহী জানান, আমি বাড়ির কেয়ারটেকারের বিরুদ্ধে অভিযোগ করার কারণ হচ্ছে তিনি ওই সাইদুরের সঙ্গে মিলিত।  আমি বাড়ির মালিককে চিনিও না এবং কেয়ারটেকারের মাধ্যমেই বাসা ভাড়া করি। উনি দায়িত্ব থাকা অবস্থায় আমার বাসা লুট হয় এটদর দায়ভার পুরোপুরি তার। তবে সাইদুর রহমানের বিষয়টি নিয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।

এদিকে বাড়িটির কেয়ারটেকার আপেলের স্ত্রীর ভাষ্য,সাইদুল নামক ওই ব্যক্তি ৫-৬ জন লোক নিয়ে এসে তার স্বামীকে বিভিন্নভাবে হুমকি ধামকি ও ভয় ভীতি দেখিয়ে ওই রুমের সব মালামাল নিয়ে যায়। তিনি বাড়ির মালিককে বিষয়টি জানিয়েন। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি কেয়ারটেকারও রাহীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। কেয়ারটেকারের অভিযোগ রাহী দুই মাস যাবত বাসা ভাড়া দেন না এবং বাসা ছাড়তে বলাতেও যাচ্ছে না। দুটো অভিযোগই গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

লুট করা সাইদুর রহমানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা তদন্ত করছি এবং এবং তার কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা আমার জানা নেই।