নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাবা ও ছেলে সহ কয়েকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় রাসেল নামে এক ব্যক্তি সিদ্ধিরগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হলেন সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের মৃত মনুসর আলীর ছেলে নাজিম উদ্দিন (৮০), তার ছেলে মো. শাহাবুদ্দিন (৪৫), সাইফুল ইসলাম (৪০) ও মো. সৈকত আলী। ঘটনাটি নাসিক ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা এলাকায়।
লিখিত অভিযোগে রাসেল দাবি করেন, ওই ১০ শতাংশ জমি তার বাবার ক্রয়সূত্রে পাওয়া এবং খাজনা-খারিজ সম্পন্ন করে তারা দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন। জমিটির সিএস ও এসএ দাগ নম্বর ২০৫ ও ২০৬ এবং আরএস দাগ নম্বর ৪২২ ও ৪২৩।
রাসেলের অভিযোগ, অভিযুক্তরা বিভিন্ন কাগজপত্রের মাধ্যমে ওই জমির মালিকানা দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। এতে বাধা দেওয়ায় তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে জমিতে গেলে অভিযুক্তরা সেখানে গিয়ে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে অভিযুক্তরা জমি দখলের হুমকি এবং বাধা দিলে প্রাণনাশ ও লাশ গুমের ভয় দেখান বলে অভিযোগ করেন রাসেল।
তবে অভিযোগ অস্বীকার করে মো. শাহাবুদ্দিন বলেন, সম্পত্তিটি তাদের পৈতৃক সম্পত্তি এবং এসএ ও আরএস রেকর্ডে তার দাদার নাম রয়েছে। ১৯৫৮ সাল থেকে তার দাদা এবং পরবর্তীতে বাবা ও তারা উত্তরাধিকারসূত্রে ওই সম্পত্তি ভোগদখল করে আসছেন বলে দাবি করেন তিনি।
শাহাবুদ্দিন আরও দাবি করেন, একই সম্পত্তি নিয়ে আবুল নামে এক ব্যক্তির সঙ্গে তাদের মামলা হয়েছিল এবং আদালতের রায় ও ডিক্রি তাদের পক্ষে এসেছে। হাইকোর্টের রায়ও তাদের পক্ষে রয়েছে বলে জানান তিনি। তার অভিযোগ, রাসেল বিভিন্ন লোকজন ও রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে ওই সম্পত্তি দখলের চেষ্টা করছেন।
জানা গেছে, জমি নিয়ে বিরোধের বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও তা সমাধান হয়নি। একই জমি সংক্রান্ত একটি মামলা আদালতে চলমান রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে, যার মামলা নম্বর ১১৩৬/২২।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, জমি সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


































আপনার মতামত লিখুন :