শুক্রবার বিকেলে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, শ্রমিকের জাতীয় ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা, বিকল্প ব্যবস্থা ছাড়া হকার-রিকশা-বস্তি উচ্ছেদ বন্ধ, নারায়ণগঞ্জের যানজট নিরসন, ট্রেনের সংখ্যা বৃদ্ধি এবং অতিরিক্ত বাসভাড়া প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে বাসদ (মার্কসবাদী), নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে বাসদ (মার্কসবাদী), নারায়ণগঞ্জ জেলার সদস্য জয় হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন দলের সদস্য নাদিরা ইসলাম রিয়া, সাদিয়া সুলতানা জুথি ও মোঃ আবির হাসান।
সমাবেশে সভাপতিত্ব করেন দলের সদস্য সাদেকুল ইসলাম সাদিক।
বক্তারা বলেন, দেশের মানুষকে নানা সংকটের মধ্যে রেখে সরকার একদিকে বোয়িং ও এয়ারবাস কেনার উদ্যোগ নিচ্ছে, অন্যদিকে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয়ের চাপ থেকে জনগণকে স্বস্তি দিতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে চুক্তি করা হচ্ছে, যা জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
সভাপতির বক্তব্যে সাদেকুল ইসলাম সাদিক বলেন, স্বাধীনতার ৫৬ বছরের ইতিহাসে বারবার এ দেশের মানুষ পরাজিত হয়েছে। দল জিতেছে, কিন্তু জনগণ জিতেনি। তাহলে আজ জনগণকে সেই প্রশ্ন তুলতে হবে এত বড় গণঅভ্যুত্থানের পরও কেন জনগণের জীবনমানের পরিবর্তন হলো না? আমরা শ্রমিক-মেহনতি মানুষের অধিকারের কথা বলছি এবং শোষণহীন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে আহ্বান জানাচ্ছি।





































আপনার মতামত লিখুন :