News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

৮নং ওয়ার্ডে সরকারী গভীর নলকূপ ব্যক্তিগত কাজে ব্যবহার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৬, ০৮:৪৬ পিএম ৮নং ওয়ার্ডে সরকারী গভীর নলকূপ ব্যক্তিগত কাজে ব্যবহার

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ডে গত কয়েকদিন যাবত পানি সংকটে ভুগছে কয়েকটি এলাকার মানুষ। পানির সংকট নিয়ে আন্দোলন করে সড়ক অবরোধ কর্মসূচী পর্যন্ত করেছে ভুক্তভোগীরা। অথচ সরকারীভাবে গভীর নলকূপ থাকা সত্বেও পানি না পাওয়ার অভিযোগ করছে এলাকাবাসী।

নাসিক ৮নং ওয়ার্ড তাঁতখানা এলাকায়, আনোয়ার হোসেন ও শাহাবুদ্দিনের বাড়িতে দুটি ডিপ টিউবওয়েল  বসানো হয়েছে সাধারণ মানুষের জন্য।

সরেজমিনে গিয়ে দেখা গেছে এই টিউবওয়েল গুলো ব্যবহার হচ্ছে ব্যক্তিগত স্বার্থে।

খোঁজ নিয়ে আরো জানা গেছে, একটি টিউবওয়েল গত আড়াই বছর যাবত শাহাবুদ্দিন তার ভাড়াটিয়া বাড়িতে ব্যবহার করছে, অন্য আরেকটি টিউবওয়েল আনোয়ার হোসেনের জায়গায় থাকলেও আট মাস যাবত ব্যক্তিগতভাবে ব্যবহার করছে তিনটি পরিবার।

এর মধ্যে একজন নাসিক ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সিদ্ধিরগঞ্জ থানা যুগ্ম আহবায়ক স্বেচ্ছাসেবকদল ইঞ্জিনিয়ার নূর ইসলাম ও আব্দুল কাসেম।

জাহাঙ্গীর হোসেন স্বাধীন মুঠোফোনে বলেন, এই টিউবওয়েলটি সকলে ব্যবহার করার জন্য আমরা বসেছিলাম। একটি সিদ্ধান্ত হয় যে কাসেম সাহেবের বাসার ট্যংকে প্রথম পানি উঠানো হবে পরে বাহিরে তিনটি কলের মাধ্যমে সকলের প্রয়োজন অনুযায়ী পানি নিবে। প্রথমে সবাই রাজি থাকলেও পরে সবাই বলেন পাইপের মাধ্যমে প্রতিটি বাড়িতে পানির লাইন সংযোগ দিতে হবে যা ছোট মোটর হিসেবে অসম্ভব।

তিনি আরও বলেন, সরকারি টিউবওয়েল এখনো সবাই যদি পানি নেয় এতে আমার কোনো আপত্তি নেই।

শাহাবুদ্দিন বলেন, আমি বাইরে। আমি এসে একটি ব্যবস্থা করবো।