News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে নাঈম খান হত্যার বিচার ও ফাঁসি দাবিতে বিক্ষোভ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৭:২৯ পিএম সিদ্ধিরগঞ্জে নাঈম খান হত্যার বিচার ও ফাঁসি দাবিতে বিক্ষোভ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়ায় বৃদ্ধ চা দোকানি নাঈম খান (৬০) হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে শিমরাইল উত্তরপাড়া থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ফুটওভার ব্রিজের নিচে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধনে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ সময় নিহতের ছোট ভাই দেলোয়ার হোসেন, মনির হোসেন, মামলার বাদী হিরা আক্তার, পান্না আক্তার, পারভেজসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর রাস্তা নিয়ে বিরোধের জেরে নাঈম খানকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠে একই এলাকার মো. হোসেন, তাঁর ছেলে ইকবাল ও স্ত্রী মায়া বেগমের বিরুদ্ধে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মেয়ে হিরা আক্তার বাদী হয়ে তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, ঘটনার রাতেই প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।