News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বিএনপির রাজপথের কর্মসূচিতে সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৯:১২ পিএম বিএনপির রাজপথের কর্মসূচিতে সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন

নারায়ণগঞ্জে ক্ষমতাসীন বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর সাংগঠনিক শক্তি নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ গ্রæপিং, পদ-পদবি নিয়ে প্রতিযোগিতা এবং সমন্বয়হীনতার কারণে সংগঠনগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে মহানগর বিএনপি আহবায়ক কমিটির মধ্যে হ-য-ব-র-ল দেখা দিয়েছে। এতে আহবায়ক সাখাওয়াত হোসেন খানের সাথে আনোয়ার প্রধান মধ্যে একটি ঘটনা নিয়ে তাকে সদর থানা বিএনপি সেক্রেটারী পদ স্থগিত রাখা হয়েছে।

বিশেষ করে আহবায়ক কমিটি থেকে পূর্ণাঙ্গ কিংবা নতুন কমিটি গঠনের প্রক্রিয়া ঘিরে নেতাদের মধ্যে দৌড়ঝাঁপ বেড়েছে। কে কোন পদে আসবেন, কার অনুসারীরা কমিটিতে জায়গা পাবেন এমন হিসাব-নিকাশে ব্যস্ত রয়েছেন অনেক পদপ্রত্যাশী। এতে রাজপথের আন্দোলন ও সাংগঠনিক কর্মসূচির চেয়ে কমিটির রাজনীতিই বেশি গুরুত্ব পাচ্ছে।

চলতি মাসের শুরুতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করেও বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর সাংগঠনিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া ও আন্দোলনের সময় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের প্রত্যাশিত তৎপরতা দেখা যায়নি। বিশেষ করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ সহ শ্রমিকদলের সাংগঠনিক দুর্বলতা এবং নেতাদের সমন্বয়হীনতার বিষয়টি আলোচনায় এসেছে।

অন্যদিকে যুবদল ও ছাত্রদলের মধ্যেও একাধিক রাজনৈতিক বলয় সক্রিয় রয়েছে। বিভিন্ন কর্মসূচিতে পৃথকভাবে নেতাকর্মীদের উপস্থিতি, নিজেদের অনুসারীদের নিয়ে শক্তি প্রদর্শন এবং নতুন কমিটিতে পদ পাওয়ার প্রতিযোগিতা সংগঠনের ঐক্যকে প্রশ্নের মুখে ফেলেছে। নারায়ণগঞ্জ জেলা যুবদলের তিন সদস্যের আহবায়ক কমিটি ২০২৩ সালের ২৯ আগস্ট গঠিত হয়। দীর্ঘ সময় পার হলেও কমিটিটি পূর্ণাঙ্গ করার উদ্যোগ বাস্তবায়িত হয়নি। অন্যদিকে মহানগর যুবদলের ৫১ সদস্যের আহবায়ক কমিটি থাকলেও অধীনস্থ ইউনিট কমিটি গঠন নিয়ে দীর্ঘসূত্রতার অভিযোগ রয়েছে। এসব বিষয় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি করেছে।

এদিকে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রকাশ্য সাংগঠনিক তৎপরতা অনেকটাই কমে গেলেও বিএনপির অঙ্গসংগঠনগুলো সেই সুযোগ কাজে লাগিয়ে প্রত্যাশিত সাংগঠনিক শক্তি অর্জন করতে পেরেছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বরং অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্বের প্রতিযোগিতায় সংগঠনগুলোর মাঠপর্যায়ের কার্যক্রম দুর্বল হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশ।

এ অবস্থায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের ঘোষিত বিভিন্ন কর্মসূচি ঘিরেও অঙ্গসংগঠনগুলোর নেতাদের তৎপরতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। কর্মসূচিতে কতটা নেতাকর্মী উপস্থিত হচ্ছেন, কারা সাংগঠনিক দায়িত্ব পালন করছেন এবং সাধারণ মানুষের সঙ্গে নেতাদের যোগাযোগ কতটা রয়েছে এসব বিষয় নিয়েও আলোচনা চলছে।

ক্ষমতাসীন দলের জন্য রাজপথের সাংগঠনিক শক্তি ধরে রাখা গুরুত্বপূর্ণ। কিন্তু নারায়ণগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর মধ্যে গ্রæপিং, পদকেন্দ্রিক রাজনীতি এবং সমন্বয়হীনতা অব্যাহত থাকলে ভবিষ্যতে সাংগঠনিক দুর্বলতা আরও প্রকট হতে পারে। তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, কমিটি গঠনের প্রতিযোগিতা ও ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি থেকে বেরিয়ে এসে বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। অন্যথায় রাজপথের কর্মসূচিতে প্রত্যাশিত জনসম্পৃক্ততা ও সাংগঠনিক উপস্থিতি ধরে রাখা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন তৃনমূল।