News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের শ্রমিক সমাবেশ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৭:২৭ পিএম নারায়ণগঞ্জে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের শ্রমিক সমাবেশ

গার্মেন্টস শ্রমিক অভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে শুক্রবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, জাতীয় শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুর রহমান, বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক  আবু হাসান টিপু, ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য অঞ্জন দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাবেক সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, বিপ্লবী শ্রমিক সংহতির জেলার সভাপতি রাশিদা আক্তার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক এস এম কাদির।

নেতৃবৃন্দ বলেন, আট ঘণ্টা কাজ, ওভারটাইমে দ্বিগুন মজুরি, বছরে দুটি উৎসব ভাতাসহ ১৮ দফা দাবিতে ফতুল্লার বিসিকে প্যানটেক্স ড্রেস লিঃ গার্মেন্টসের শ্রমিকরা ৩ নভেম্বর ২০০৩ সালে গার্মেন্টসের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে মালিকের ইন্ধনে পুলিশ বর্বোরোচিতভাবে গুলি চালালে কারখানার শ্রমিক আমজাদ হোসেন কামাল নিহত হয় এবং দুই শতাধিক শ্রমিক আহত হয়।

এ নির্মম শ্রমিক হত্যাকান্ডের প্রতিবাদে সারা নারায়গঞ্জের গার্মেন্টস শ্রমিকরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং সংগঠিত হয় এক অভূতপূর্ব গার্মেন্টস শ্রমিক অভ্যুত্থান। মালিকরা বাধ্য হয় শ্রমিক নেতৃবৃন্দের সাথে বসে দাবি মেনে নেয়ার চুক্তি করতে। এরপর থেকে প্রতিবছর ৩ নভেম্বর গার্মেন্টস শ্রমিক অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হয়। কিন্তু অভ্যুত্থানের ২২ বছর পরেও আজও  শ্রমিকের উপর মালিকের জুলুম-নির্যাতন অব্যাহত আছে। 

নেতৃবৃন্দ আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আমাদের দেশে ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়। এই আন্দোলনে সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে যার অধিকাংশ শ্রমজীবী মানুষ। অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার মজুরি বৃদ্ধিসহ শ্রমিকের দাবিসমূহ মেনে নিবে। কিন্তু সেটা হয়নি।