News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বহুতল ভবনে নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঝুঁকি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৯:৪৫ পিএম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বহুতল ভবনে নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঝুঁকি

প্রতিবার বড় দুর্ঘটনার পরই প্রশ্ন উঠে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে। জেলার বেশীরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেই ফায়ার হাইড্রেন্টসহ অগ্নিনির্বাপণের পর্যাপ্ত সরঞ্জাম। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বৈদ্যুতিক সঞ্চালন লাইন ত্রুটিপূর্ণ কিনা সেটা তদারকিও নেই। তবে নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় লাইব্রেরীতে অগ্নিকান্ডের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন।

জানা গেছে, নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় ৩ টি বহুতল ভবনে ১৩০০ জন আবাসিক শিক্ষার্থী অধ্যয়ন করে।  মঙ্গলবার গভীর রাতে আগুনে পুড়েছে লাইব্রেরীতে থাকা ৮০ লাখ টাকার বইসহ কোটি টাকার সামগ্রী। তবে একজন শিক্ষক আগে টের পাওয়ায় বড় ধরনের প্রাণঘাতি দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শিক্ষার্থীরা। ধোয়ায় অসুস্থ ৯৪ জন শিক্ষার্থীর মধ্যে ৯ জন এখনো জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন ২ জন। একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে অগ্নিনির্বাপণ, জরুরি নির্গমন, অগ্নিসতর্কীকরণ এবং ভবন ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে নারায়ণগঞ্জের আবাসিক মাদরাসাগুলোর বহুতল ভবনের বেশীরভাগের নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা। জরুরি নির্গমন সিঁড়ি, ফায়ার লিফট, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভ ব্যবস্থা, রাইজার ও ফায়ার হাইড্রেন্টের মতো জরুরি সরঞ্জামাদি থাকা-না থাকায় ঝুঁকিতে লাখো শিক্ষার্থী।

এলাকাবাসী ও শিক্ষার্থীরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থাগুলো সঠিকভাবে রয়েছে কিনা সে বিষয়ে সরকারের তদারকি প্রয়োজন। এছাড়া ঝুকিপূর্ণ বিদ্যুতের লাইনের বিষয়েও খোঁজখবর নেয়া দরকার।

এদিকে অগ্নিদুর্ঘটনার ঘটনায় জেলা প্রশাসকের নির্দেশে গঠিত ৪ সদস্যের তদন্ত টিম কাজ শুরু করেছে। পরিদর্শন শেষে তদন্ত টিমের প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক আলী নূর খান জানান, অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গেও কথা বলা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদ্রাসাটিতে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা ও ফায়ার এক্সটিংগুইশার না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে সাধারণ নির্দেশনা জারি করা হবে। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়মিত অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের ব্যবস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তাব্যবস্থা তদারকি করা হবে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুর্ঘটনার আগেই ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধের ব্যবস্থা গড়ে তুলতে সরকার নানামুখী পদক্ষেপ নিবে এই প্রত্যাশা সকলের।