News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

পোশাক শ্রমিকদের মধ্যে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৬:৫৫ পিএম পোশাক শ্রমিকদের মধ্যে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু

পোশাকশ্রমিকদের জন্য বিশেষ খোলা বাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ  কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জে প্রতি শুক্রবার ৫ হাজার শ্রমিক পাবে ৩০ টাকা দরে ১০ কেজি চাল। নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা, কায়েমপুর, বিসিক, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জসহ ১০ টি স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শুক্রবার সকাল ১০ টা থেকে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম শুরু হয়েছে। নারায়ণগঞ্জে ১০টি খোলা ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি চাল ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে নারায়ণগঞ্জে মোট ৫০ টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি শুক্রবার নারায়ণগঞ্জের ১০টি স্পটে পোশাক শিল্প কারখানার শ্রমিকরা এই চাল পাবে। একেক শুক্রবার একেক স্থানে চাল বিক্রি হবে।

একজন শ্রমিক মাসে একবার সর্বোচ্চ ১০ কেজি চাল পাবে। ফতুল্লার তল্লা, কায়েমপুর এলাকায় সকাল থেকে শ্রমিকদের লম্বা লাইনে দাড়িয়ে ওএমএস এর চাল সংগ্রহ করতে দেখা গেছে।

পোশাক শ্রমিকরা জানান, নিত্যপণ্যের মূল্যের উর্ধগতির কারণে ওএমএস এর চাল তাদের কিছুটা সাশ্রয় হবে। তবে ওএমএস এর মাধ্যমে চালের পাশাপাশি ডাল, তেল, আটাসহ অন্যান্য সামগ্রী দেয়া হলে তারা উপকৃত হতো।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ বাবুল হোসেন জানান, প্রতি শুক্রবার পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিনে নারায়ণগঞ্জে ১০টি খোলা ট্রাকের মাধ্যমে ৫০ টন চাল বিক্রি করা হচ্ছে। একজন পোশাক শ্রমিক মাসে একবার ১০ কেজি চাল পাবে। প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির জানান, প্রাথমিকভাবে ৩ মাসের জন্য সরকার এই কার্যক্রম চালু করেছে। প্রথম দিনেই শ্রমিকদের ভাল সাড়া পাওয়া গেছে।