News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

অস্ত্র গুলি যেন মামুলি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ১০:৪২ পিএম অস্ত্র গুলি যেন মামুলি

নারায়ণগঞ্জে চব্বিশের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন সময়ে অস্ত্রের মহড়া, প্রকাশ্যে গুলি, ব্যবসা-বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ এবং হত্যার হুমকির ঘটনায় উদ্বেগ বাড়ছে। এসব ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাম জড়িয়ে আসায় রাজনৈতিকভাবে চাপে পড়ছে দলটি। বিশেষ করে পরিবহন, গার্মেন্টের ঝুট ব্যবসা ও স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে সংঘটিত ঘটনাগুলো বিএনপির সাংগঠনিক ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

২০২৪ এর ২২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে বন্ধন পরিবহনের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে গুলি ছোড়ার ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১২ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে। পরিবহনের নিয়ন্ত্রণ নিয়ে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান ও মহানগর বিএনপির নেতা মাহবুব উল্লাহ তপনের অনুসারীদের মধ্যে বিরোধের। এতে এখনো অস্ত্র ও অস্ত্রধারীকে গ্রেপ্তার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।

এর পরের বছর ২০২৫ সালের ৬ মার্চ সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে গার্মেন্টসের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদল নেতাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে অগ্নিসংযোগ, দোকানপাট ভাঙচুর এবং পাল্টাপাল্টি হামলায় অন্তত আট থেকে ১০ জন আহত হন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিএনপি নেতা মনির হোসেনের অনুসারী এবং ছাত্রদলের সাবেক নেতা রাকিবুর রহমান সাগরের পক্ষের বিরোধের বিষয়টি সংবাদমাধ্যমে উঠে আসে।

সর্বশেষ ২০২৬ সালের ১১ নভেম্বর ফতুল্লার মাসদাইর এলাকায় একটি বিরিয়ানির দোকানের ম্যানেজারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দোকানে খাবারের মূল্য পরিশোধ নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। প্রকাশ্য বাজারে এমন হুমকির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

একের পর এক এসব ঘটনায় নারায়ণগঞ্জে অস্ত্রধারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষ করে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাÐ পরিচালনাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

চব্বিশের ৫ আগস্টের পর নারায়ণগঞ্জে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলেও পরিবহন, ঝুট ব্যবসা ও বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি। এসব ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাম আসায় দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না হলে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা আরও বাড়তে পারে। এ অবস্থায় নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতাদের ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়েছে। দলের নাম ব্যবহার করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া এবং প্রশাসনকে নিরপেক্ষভাবে আইন প্রয়োগে সহযোগিতা করা জরুরি।

সাধারণ মানুষের প্রত্যাশা, রাজনৈতিক পরিচয় যা-ই হোক, অস্ত্রধারী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি নারায়ণগঞ্জে অবৈধ অস্ত্র উদ্ধার ও জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও সক্রিয় ভূমিকা পালন করবে।