বাস ভাড়া বৃদ্ধি সহ ৪ দফা দাবিতে ৩ ছাত্র সংগঠনের পক্ষে বিবৃতি এসেছে। ১৬ মে ওই যৌথ বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা আক্তার ও সদস্য সচিব তাহমিদ আনোয়ার বিবৃতিতে বলেন, আমরা লক্ষ করছি, শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ২৪ পরবর্তী সময়ে জনগণের অধিকার নিশ্চিত হওয়ার কথা থাকলেও বাস্তবে আমরা তার উল্টো চিত্র দেখছি। নারায়ণগঞ্জ কলেজের সামনে বাস টার্মিনাল, অবৈধ দোকান ও পরিবহন কাউন্টার থাকার কারণে শিক্ষার্থীদের প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে ২ নং রেলগেট এলাকায় তীব্র যানজটের কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে এবং পরীক্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। আমরা একটি নিরাপদ, সুস্থ ও যানজটমুক্ত শিক্ষাবান্ধব ক্যাম্পাস চাই। অবিলম্বে এসব অব্যবস্থাপনা দূর করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ছাত্রদল নারায়ণগঞ্জ কলেজ শাখার সভাপতি আলিমুল ইসলাম সিফাত ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম জিতু এক বিবৃতিতে বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে বারবার ভাড়া বৃদ্ধি ও হাফ পাস কার্যক্রম বন্ধ রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে এমন বিশৃঙ্খল পরিবেশ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করছে। আমরা মনে করি, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। তাই অবিলম্বে নিঃশর্ত হাফ পাস চালু, কলেজ সংলগ্ন হকার সমস্যা সমাধান, যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং কলেজের পাশের বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নিতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক আবিদ রহমান ও মিডিয়া ও প্রচার সেল নারায়ণগঞ্জ মহানগরের সদস্য রাফিন হাসান বিবৃতিতে বলেন, নারায়ণগঞ্জ কলেজকে ঘিরে দীর্ঘদিন ধরে সৃষ্টি হওয়া যানজট অব্যবস্থাপনা ও শিক্ষার্থী হয়রানির অবসান ঘটাতে হবে। শিক্ষার্থীদের চলাচলের পথ দখল করে হকার ও পরিবহন কাউন্টার বসানো শিক্ষা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। একই সঙ্গে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধ থাকায় সাধারণ শিক্ষার্থীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই শিক্ষার্থীদের জন্য নিঃশর্ত হাফ পাস নিশ্চিত করতে হবে কলেজের সামনে ট্রাফিক পুলিশ বা যানজট নিরসন কর্মী নিয়োগ দিতে হবে এবং কলেজ সংলগ্ন বাস টার্মিনাল দ্রুত অন্যত্র সরিয়ে নিতে হবে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
৪ দফা দাবিগুলো হলো নিঃশর্ত হাফ পাস নিশ্চিত করতে হবে, কলেজের আশেপাশের হকার সমস্যা দূর করে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে, কলেজের সামনে ট্রাফিক পুলিশ/যানজট নিরসন কর্মী নিয়োগ দিতে হবে ও কলেজের পাশের বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের পদক্ষেপ নিতে হবে।







































আপনার মতামত লিখুন :