১৫ মে শুক্রবার বিকাল ৪ টায় বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা সিপিবি কার্যালয়ের হলরুমে (আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের উত্তর পাসের বিল্ডিং এর পাঁচ তলায়) মে দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কবিকণ্ঠে কবিতা পাঠ, আবৃত্তি, গান এবং 'শ্রমজীবী মানুষই সমাজ বদলের কারিগর' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় কয়েকজন শ্রমিক নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জাকির হোসেন। অতিথি আলোচক ছিলেন শ্রমিক নেত্রী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার।
আরো আলোচনা করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ন্টু ঘোষ, জেলা কমিটির সভাপতি দুলাল সাহা, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ জেলা কমিটির সহ-সভাপতি শ, ম, কামাল হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ শাহীন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাবেক সভাপতি আঃ হাই শরীফ, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ ন জেলা কমিটির সহ-সভাপতি শহিদুল আলম নান্নু, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক একেএম আনিসুজ্জামান, জেলা কমিটির নেতা মোঃ রাব্বি মিয়া ও আমেনা আক্তার।
আলোচনায় নেতৃবৃন্দ বলেন, শ্রমজীবী মানুষের শ্রম হচ্ছে মানব সভ্যতার প্রধান ভিত্তি। ঐতিহাসিক কাল ধরে শ্রমের ওপর ভিত্তি করে মানবজাতির ক্রমবিকাশ ঘটেছে। শিল্প, সাহিত্য এবং সংস্কৃতিও গড়ে উঠেছে মানুষের শ্রমের ওপর ভিত্তি করে। শ্রমের মধ্য দিয়ে মানুষ উন্নত চিন্তা করতে শিখেছে, বিজ্ঞানের আবিস্কার করেছে, আধুনিক প্রযুক্তির বিকাশ ঘটিয়েছে। কিন্তু সমাজে শোষণ, নিপীড়ন ও ব্যক্তিগত মালিকানার একচেটিয়া বিকাশের কারণে শ্রমজীবী মানুষ সম্পদ থেকে বঞ্চিত থেকেছে। শোষণমূলক সমাজে শ্রমজীবী মানুষদের বঞ্চিত ও শৃঙ্খলিত করে রাখা হয়েছে। শ্রমিকশ্রেণি ও শ্রমজীবী মানুষ ঐতিহাসিক কাল ধরে শৃঙ্খল ভেঙ্গে মুক্তির চেষ্টা করেছে, শোষক-শাসক শ্রেণির বিরুদ্ধে শ্রেণিসংগ্রাম অব্যাহত রেখেছে। তাই মানব সমাজের ইতিহাস হচ্ছে শ্রেণি সংগ্রামের ইতিহাস। মে দিবস সেই ইতিহাসের একটা মাইল ফলক।
এছাড়াও অনুষ্ঠানে ছিল কবি কণ্ঠে কবিতা পাঠ, আবৃত্তি ও মে দিবসের গান।
স্বরচিত কবিতা পাঠ করেন, কবি জয়নুল আবেদীন জয়, কবি রিতা রহমান, কবি রাজলক্ষ্মী, কবি মৃদুল সাহা, কবি জহিরুল ইসলাম মিন্টু, কবি শহিদুল আলম নান্নু ও কবি আমেনা আক্তার।
কবিতা আবৃত্তি করেন তিথি সুবর্ণা ও কবি পল্লবী প্রত্যাশা।
গণসংগীত পরিবেশন করেন আবুল হোসেন অলি, ঝুমা দি, মনীষা মনি, ফাল্গুনী দাস, রিতা রহমান, রাজলক্ষ্মী ও তাঁদের দল।







































আপনার মতামত লিখুন :