News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বন্দর মসজিদ কমিটির যুগ্ম সম্পাদককে জখম মামলায় নারীসহ গ্রেপ্তার ৩


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৯:৪০ পিএম বন্দর মসজিদ কমিটির যুগ্ম সম্পাদককে জখম মামলায় নারীসহ গ্রেপ্তার ৩

বন্দরে মাদক ব্যবসা বাধা দেওয়ার জের ধরে চর ঘারমোড়া উত্তরপাড়া জামে মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক সাইদুর রহমানকে (৪০) বেদমভাবে কুপিয়ে নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মহিলাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের পুনাইনগর  এলাকার মৃত লাল মিয়ার ছেলে মোজাম্মেল হক (৬০), তার স্ত্রী ফাহিমা বেগম (৫০) ও ছেলে ইমরান (২১)।

এ ঘটনায় আহত সাইদুর রহমান বাদী হয়ে শনিবার (১৬ মে)  হামলাকারি মুন্না, ইসমাঈলসহ ৬ জনের নাম উল্লেখ করে আরো ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

পুলিশ ধৃতদের শনিবার (১৬ মে) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে। এর আগে গত বৃহস্পতিবার  (১৪ মে) সন্ধ্যা  সাড়ে ৫টায় বন্দর উপজেলার চর ঘারমোড়াস্থ  ডাবগাছ তলার সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। আহত সাইদুর রহমান চর ঘারমোড়া এলাকার মৃত সালেহ আহাম্মেদ মিয়ার ছেলে।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের পুনাইনগর এলাকার মোজাম্মেল মিয়ার ৩ ছেলে মুন্না, ইসমাঈল ও ইমরান দীর্ঘদিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে মাদক বিক্রি ও সেবন করে আসছিল। এ ঘটনায় সাইদুর রহমান উল্লেখিত মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসায় বাধা প্রদান করে। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিল।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টায় মাদক ব্যবসায়ী মুন্না নেশাগ্রস্থ অবস্থায় উল্লেখিত মসজিদের পানির পাইপের কাজ করতে গিয়ে পাইপ নষ্ট করে ফেলে। এ ঘটনায় মসজিদের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান নষ্ট হওয়ার কারণ জানতে চাইলে ওই সময় মাদকসেবী মুন্না তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। পরে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় সাইদুর রহমান চর ঘারমোড়া ডাবগাছ তলা নজরুল মিয়ার দোকানের সামনে আসলে ওই সময়  হামলাকারি মুন্না, ইসমাঈল, ইমরান, মোজাম্মেল হক, ফাহিমা বেগম ও সোলাইমান দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সাইদুর রহমানের উপর অতর্কিত হামলা চালায়। ওই সময় হামলাকারি সাইদুরকে হত্যার উদ্দেশ্য বেদম ভাবে কুপিয়ে নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুনাইনগর এলাকায় অভিযান চালিয়ে নারীসহ উল্লেখিত হামলাকারিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।