News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কন্টেইনার পোর্ট বন্ধ ও চীনের সহায়তায় হাসপাতাল সহ ৪ দাবী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৮:০৪ পিএম কন্টেইনার পোর্ট বন্ধ ও চীনের সহায়তায় হাসপাতাল সহ ৪ দাবী

১৯ জুলাই দুপুরে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেনকে জেলার গুরুত্বপূর্ণ চারটি দাবি সংবলিত একটি স্মারকলিপি দেয়া হয়।

নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ভবানী শংকর রায়, হাফিজুল ইসলাম, আবু নাইম খান বিপ্লব ও ধীমান সাহা জুয়েল।

দাবিগুলো হচ্ছে রেললাইন ধরে চাষাঢ়া মহিলা কলেজ সংলগ্ন সড়কটির দক্ষিণাংশ দেওভোগ সিটিপার্ক থেকে শুরু করা, ১নং রেল গেট এলাকায় রেলওয়ের জায়গাটি খেলার মাঠ করা, খানপুর কন্টেইনার পোর্ট নির্মাণ বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়া ও চীনের সহায়তায় দেশে ২০ হাসপাতাল নির্মাণের তালিকায় নারায়ণগঞ্জকে যুক্ত করা।

স্মারকলিপিতে বলা হয়, দুইনং রেলগেট থেকে চাষাঢ়া পর্যন্ত শহরের মূল সড়কের পশ্চিমে রেললাইন ধরে মহিলা কলেজ পর্যন্ত যে সড়কটি নির্মাণ হতে যাচ্ছে আমরা এর দক্ষিণের শুরুটা দেওভোগ নগরপার্ক সংলগ্ন কাটা কাপড়ের মার্কেট থেকে সোজাসুজি রেললাইন ধরে করার দাবি জানাচ্ছি। এতে করে দেওভোগ, বাবুড়াইল, পাইকপাড়া, কাশীপুর বা দক্ষিণাঞ্চলের যাত্রী যারা চাষাঢ়া যেতে চায় তাদের আর দুইনং রেলগেট সড়ক বা মূল বঙ্গবন্ধু সড়ক ধরতে হবে না; এমনকি নিতাইগঞ্জ-শীতলক্ষ্যার চাষাঢ়াগামী যাত্রীরাও রেললাইন সড়ক ব্যবহার করতে পারবে এবং মূল সড়কে বড় ধরণের চাপ কমে আসবে। সিটি কর্পোরেশনের নকশায় এখন যেখানে দেওভোগ-কাটা কাপড়ের মার্কেট এই জায়গাটিকে হালট দেখিয়ে এখান দিয়ে সড়কটি তৈরির পরিকল্পনার কথা বলা হয়েছে। নগরবাসীর বৃহত্তর স্বার্থে যানজট কমিয়ে আনার জন্য সড়কটি এ ভাবে তৈরির জন্য আমরা আপনার প্রতি আহ্বান জানাচ্ছি।

১নং রেল গেটের কাছে রেলওয়ের জায়গা দখল করে বাণিজ্যিক ভাবে মার্কেট নির্মাণের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের আইনগত অবস্থানের প্রতি আমাদের সমর্থন রয়েছে। এই জায়গাটি রেলওয়ের হলেও আমরা সব-সময় এই জায়গাটিকে যথেচ্ছভাবে ব্যবহার, বিক্রয় ও আত্মসাতের বিরুদ্ধে। নারায়ণগঞ্জে খেলার মাঠের অপর্যাপ্ততা দুঃখজনক। মাঠ-পুকুর ভরাট করে ভবন, মার্কেট নির্মাণ ভবিষ্যৎ নারায়ণগঞ্জবাসীর জন্য দুর্ভোগের কারণ হয়ে উঠেছে। এখানে নারায়ণগঞ্জ কলেজ ও জেলার একটি গুরুত্বপূর্ণ হাইস্কুল রয়েছেÑ যেখানে প্রায় ২০ হাজার শিক্ষার্থী। আমরা রেলওয়ের এই জায়গাটিকে খেলার মাঠ করার দাবি জানাচ্ছি। যেখানে খেলাধুলা সহ নগরবাসীর জন্য সিটি পার্কের মতো নিঃশ^াস নেয়ার আরেকটি উন্মুক্ত জায়গা তৈরি হবে। এ বিষয়ে আমরা সিটি কর্পোরেশনের যথাযথ ভূমিকা আশা করছি।

বিগত সরকারের শাসনামলে উন্নয়নের নামে বহু প্রকল্প, মেগাপ্রকল্প গ্রহণ করা হয়েছে যা অপ্রয়োজনীয় এবং  দেশ ও জনগণের জন্য ক্ষতিকারক। নারায়ণগঞ্জ শহরের খানপুরে নির্মিতব্য কন্টেইনার পোর্টটি এমনি একটি প্রকল্প। আমরা ইােতপূর্বে বহুবার এ বিষয়ে আমাদের আপত্তির কথা জানিয়েছি। ইতোমধ্যে এই প্রকল্পের ব্যায় বৃদ্ধি করে ১৮৪ কোটি ৯১ লাখ ৫৭ হাজার টাকা করা হয়েছে। নারায়ণগঞ্জকে বাঁচানোর জন্য এ প্রকল্পটি এখনি বন্ধ করার জন্য আপনার দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

আপনি নিশ্চয় অবগত হয়েছেন যে, দেশে চীনের সহায়তায় ২১ হাজার শয্যার ২০ টি হাসপাতাল হতে যাচ্ছে। ইতোমধ্যে চট্টগ্রম, খুলনা ও উত্তরাঞ্চলে এর জন্য জায়গা নির্বাচনের কাজ চলছে। আমরা চাই এই প্রকল্পের একটি হাসপাতাল নারায়ণগঞ্জে করা হোক। এ বিষয়ে আমরা আপনার যথাযথ ভূমিকা আশা করছি।

প্রশাসক সাখাওয়াত হোসেন সকল বিষয়কেই গুরুত্বপূর্ণ বলে তা বাস্তবায়নে যথাযথ ভূমিকা রাখার আশ্বাস দেন।