News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক, সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে পিটিয়ে জখম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৯:৩৩ পিএম ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক, সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক বিরোধী র‌্যালী করায় ইমাম হাসান নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে মাদক বিক্রেতা ও সেবীদের বিরুদ্ধে। এছাড়াও ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করা হয় বলে জানা গেছে।

বুধবার (১৬ জুলাই) রাতে মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ভুক্তভোগী যুবকের বড় ভাই নাজিমউদ্দিন বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাবিলগঞ্জ এলাকায় গতকাল বিকেলে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে ইমাম হাসানের নেতৃত্বে একটি মাদক বিরোধী র‌্যালী বের করে। র‌্যালীতে ওই এলাকার যুব সমাজসহ গন্যমান্য ব্যক্তিরা অংশ নিয়েছিলেন। তবে র‌্যালীটি বন্ধ করার জন্য কাবিলগঞ্জ এলাকার আলী আহাম্মদের ছেলে মাদক ব্যবসায়ী মিন্টু মিয়া ভুক্তভোগী ইমাম হাসানকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে যাচ্ছিলো। কারবারিদের হুমকি উপেক্ষা করে ভুক্তভোগী ওই এলাকার লোকজনকে নিয়ে মাদক বিরোধী র‌্যালীটি বের করান। এতেই ক্ষিপ্ত হয়ে মাদক কারবারি মিন্টুর নেতৃত্বে তিশা মিয়া,জাহাঙ্গীর হোসেন,সজিব মিয়া, নেয়াব হোসেনসহ৭-৮জনের একটি দল দেড়টার দিকে ফুটবল বিশ্বকাপের খেলা চলাকালে একই এলাকার রফিকুল ইসলামের ছাদে দেখতে পেয়ে ৩-৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এক পর্যায়ে ছাদে থাকা লোকজন ভয়ে প্রাণ বাঁচাতে ছোটাছুটি করে পালিয়ে যায়। 

এরপর কারবারিরা ইমাম হাসানকে একা পেয়ে লোহার রড, হকিস্টক, রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। একপর্যায়ে হামলাকারীরা তাকে ছাদ থেকে ফেলে দেন। পরবর্তীতে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আহতের বড় ভাই নাজিমউদ্দিন জানান, কাবিলগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে মিন্টুর নেতৃত্বে মাদক বিক্রি ও মাদক সেবন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে। সম্প্রতি আমার ভাই মাদক সেবী ও মাদক বিক্রেতারদের বিরুদ্ধে এলাকার লোকজন নিয়ে স্বেচ্ছার হয়ে উঠায় তারা ক্ষিপ্ত হয়ে আমার ভাইকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার পর তাকে ছাদ থেকে ফেলে দেয়। এসময় আতঙ্ক তৈরি করতে ৩-৪ রাউন্ড ফাঁকা গুলি করা হয়। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, মাদক বিরোধী র‍্যালীকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত করার  অভিযোগ পেয়েছি। তবে গুলিবর্ষণে বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা তদন্ত করছি এটি।