News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মন্দিরে ঢুকে পূজার সামগ্রীতে লাথি, যুবক আটক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৭:৪২ পিএম নারায়ণগঞ্জে মন্দিরে ঢুকে পূজার সামগ্রীতে লাথি, যুবক আটক

নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় শ্রী শ্রী দরিদ্র ভান্ডার কালী মন্দিরে কাঠাম পূজার সময় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইয়ামিন নাবিল নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন মন্দিরে আসা লোকজন। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে মন্দিরের ভেতরে এ ঘটনা ঘটে।

আটককৃত যুবক বন্দর ২২নং ওয়ার্ডের শাহী মসজিদ হাফিজবাগ এলাকার মৃত নূর মোহাম্মদ এর ছেলে। সে বন্দর ফাজিল মাদ্রাসায় পড়ালেখা করতো বলে খবর পাওয়া গেছে।

তবে স্থানীয় জানিয়েছেন নাবিলের কিছু মানসিক সমস্যা রয়েছে। একই দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

মন্দিরের পুরোহিত কমল চক্রবর্তী বলেন, দুর্গাপূজার প্রস্তুতির অংশ হিসেবে দুপুরে কাঠাম পূজার আয়োজন করা হয়েছিল। এ সময় ওই যুবক মন্দিরে ঢুকে ‘আল্লাহ পূজা নিষেধ করেছেন’ বলে পূজার সামগ্রীতে লাথি মেরে ফেলে দেন। এ সময় মন্দিরের লোকজনকেও লাথি মারেন তিনি। পরে উপস্থিত লোকজন তাকে আটক করে সদর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

কমল চক্রবর্তী বলেন, ‘আমরা নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিম একসঙ্গে বসবাস করছি। কখনো এমন ঘটনা ঘটেনি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

ইয়ামিন নাবিলের বড় ভাই অমিত হাসান দাবি করেন, তার ভাই দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। এ বিষয়ে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মান্নান জানান, আটককৃত ব্যক্তিকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। রথযাত্রার অনুষ্ঠান শেষে মন্দির কর্তৃপক্ষ থানায় এসে অভিযোগ দায়ের করবেন।