News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে হাসপাতাল নিয়ে প্রধানমন্ত্রীর কাছে মান্নানের আবেদন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৬:৫২ পিএম সিদ্ধিরগঞ্জে হাসপাতাল নিয়ে প্রধানমন্ত্রীর কাছে মান্নানের আবেদন

‎নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সিদ্ধিরগঞ্জবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে দুটি পৃথক আবেদন করেছেন। আবেদনে তিনি সিদ্ধিরগঞ্জে একটি ১০০ শয্যার আধুনিক জেনারেল হাসপাতাল স্থাপন এবং জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করার দাবি জানিয়েছেন।

‎রোববার (১৯ জুলাই) বাংলাদেশ জাতীয় সংসদের প্যাডে স্বাক্ষরিত পৃথক দুটি আবেদনে তিনি উল্লেখ করেন, সিদ্ধিরগঞ্জ দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল। এখানে প্রায় ১২ থেকে ১৫ লাখ মানুষের বসবাস ও কর্মসংস্থান থাকলেও এখনো একটি পূর্ণাঙ্গ সরকারি জেনারেল হাসপাতাল নেই। ফলে জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ শহর বা রাজধানী ঢাকার হাসপাতালের ওপর নির্ভর করতে হয়। এতে সময়, অর্থ ও ভোগান্তি বাড়ছে এবং জরুরি চিকিৎসা ব্যাহত হচ্ছে।

‎আবেদনে আরও বলা হয়, জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি ১৯৮৭ সাল থেকে সেবা দিয়ে এলেও দীর্ঘদিনেও এর অবকাঠামোগত উন্নয়ন হয়নি। বর্তমানে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চালু থাকায় এলাকার চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না। তাই প্রতিষ্ঠানটিকে দ্রুত ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

‎সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, সিদ্ধিরগঞ্জে একটি ১০০ শয্যার জেনারেল হাসপাতাল এবং জালকুড়ি এমসিডব্লিউসিকে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করা হলে শিল্পাঞ্চলের শ্রমিক, স্থানীয় বাসিন্দাসহ আশপাশের লাখো মানুষ আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা পাবেন। পাশাপাশি সরকারের স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জনস্বার্থে বিষয় দুটি বিবেচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেছেন।