News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

চাষাঢ়ায় ছাত্রলীগ-শিক্ষার্থী মুখোমুখি হয়েও শান্ত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ১০:১৮ পিএম চাষাঢ়ায় ছাত্রলীগ-শিক্ষার্থী মুখোমুখি হয়েও শান্ত

২০২৪ এর ১৬ জুলাই কোটা সংস্কারের দাবিতে উত্তাল নারায়ণগঞ্জ। এদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। তবে এ সময় তাদের সাথে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের দেখা হলেও কোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেনি। 

সেদিন সকাল ১১ টায় নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের চাষাঢ়া প্রেসক্লাবের নিচে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে বেলা সাড়ে ১১ টায় শিক্ষার্থীরা মিছিল বের করে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক, কালীবাজার, ফলপট্টি, দুই নম্বর রেলগেইট, নগর ভবনের সামনে প্রদক্ষিণ করে ফের প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য রাখে ও স্লোগান দিতে থাকে।  

বেলা ১২ টায় সোনারগাঁ থানাধীন মোগরাপাড়া চৌরাস্তা মোড়ে কোটা সংস্কার আন্দোলন সমর্থনে মিছিল বের করেন। মিছিলকারী শিক্ষার্থীরা এক পর্যায়ে মহাসড়কের একটি লেন অবরোধ করে রাখে। প্রায় ১৫ মিনিট সড়ক অবরোধ রাখার পর পুলিশের চাপের মুখে সরে যেতে বাধ্য হয়। সড়কের পাশে দাঁড়িয়ে কোটা সংস্কারের সমর্থনে বিক্ষোভ করলে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। 

বিকেলে লাঠিসোঁটা, পাইপ ও রড নিয়ে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থান নেয় মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। মহানগর ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক পিয়াস প্রধানের নেতৃত্বে বেশ কিছু নেতাকর্মী সেখানে অবস্থান নেয়।  

রাত ৮ টায় ছাত্রলীগের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা বিএনপি জামায়াত শিবিরের  বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত পথসভা করে কর্মসূচি সমাপ্ত করেন।