News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

১৮ বছর ধরে ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন ঝুলিয়ে রাখা হয় : মাসুদুজ্জামান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৮:৫৫ পিএম ১৮ বছর ধরে ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন ঝুলিয়ে রাখা হয় : মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জে সমাজসেবামূলক সংগঠন 'ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন'-এর আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

১৮ সেপ্টেম্বর শুক্রবার  এ উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা খাপুর এলাকার হোসেন সর্দার রোডে বিশেষ দোয়া ও মধ্যাহ্নভোজ কর্মসূচির আয়োজন করা হয়।

ডিয়ার মোস্তফা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে উপস্থিত থেকে ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ঘোষণা করেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিত্ব মাসুদুজ্জামান।

অনুষ্ঠানটি শুক্রবার বাদ জুম্মা শুরু হয়; যেখানে নারায়ণগঞ্জ মহানগরির অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশু, নারী, পুরুষ ও বিভিন্ন মহল্লার নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ মধ্যাহ্নভোজে অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে মাসুদুজ্জামান বলেন,  একটি সুন্দর মানবিক সমাজ নির্মাণ ও মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার লক্ষ্য নিয়েই ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু হলো। ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে অসহায় মানুষদের কল্যাণে কাজ করার জন্য আমাদের পারিবারিক পরিকল্পনা ছিল। সেই ধারাবাহিকতায় প্রায় ১৮ বছর পূর্বে ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’ নামে সকল দলিল প্রস্তুত করে জমা দিয়েছিলাম। কিন্তু আমাকে বলা হলো মোস্তফা নামে ছাড়পত্র দেওয়া যাবে না। কারণ এতে ‘জঙ্গীবাদের’ গন্ধ পাওয়া যায়। আমি তাদের জানালাম  ফাউন্ডেশন করলে ডিয়ার মোস্তফা নামেই হবে- না হলে করবো না। এর পর এতদিন অপেক্ষার পর সম্প্রতি সংশ্লিষ্ট দপ্তর থেকে আমরা ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন নামেই রেজিস্ট্রেশন পেয়েছি। এই যাত্রা পথে আমি আমার পরিবার, আত্মীয় ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের প্রেরণা আমাকে এতদুর ধৈর্য্য নিয়ে সফল হতে উৎসাহিত করেছে। আমি চাই আমার পরিবারের পরবর্তী প্রজন্ম ডিয়ার মোস্তফা ফাউন্ডেশনের কার্যক্রমকে বিস্তৃত করবে- এগিয়ে নিয়ে যাবে।”

বক্তব্যে তিনি আরো বলেন, নবীজি (স.) কে স্নেহ-সম্মান করে  ‘প্রিয় মোস্তফা’ নামে ডাকা হতো। সেখান থেকে এই নামের প্রতি আমার আগ্রহ হয় এবং এ প্রিয় নবীর সানে ডিয়ার মোস্তফা নামেই- ফাউন্ডেশন এর নামকরণ করি।

ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন শিক্ষা ও মেধা বিকাশ, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, নিরাপদ পানি, কর্মসংস্থান ও আত্মনির্ভরতা, নারী ও শিশুর উন্নয়ন, পরিবেশ ও পরিচ্ছন্নতা, যুব ও ক্রীড়া উন্নয়ন, দুর্যোগ ও জরুরি সহায়তাসহ মানবিক সমাজ বিনির্মানে প্রয়োজনীয় কাজ সাধ্যমত করবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সাবেক কাউন্সিলর ও সমাজসেবক খোরশেদ আলম খন্দকার, মহাগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল এবং সাংবাদিক ও সংগঠক শরীফ উদ্দিন সবুজ।

এ সময় ফাউন্ডেশনের ভবিষ্যৎ সমৃদ্ধি, সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণ এবং দেশ ও জাতির অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

উপস্থিত সকলে ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’-এর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং অনাথ-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।