News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

রূপগঞ্জে ধাওয়া করে অপহৃত বিদেশ ফেরত যাত্রীকে উদ্ধার করলো পুলিশ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৮:২৭ পিএম রূপগঞ্জে ধাওয়া করে অপহৃত বিদেশ ফেরত যাত্রীকে উদ্ধার করলো পুলিশ

বিদেশ ফেরত যাত্রীর গাড়িতে ডাকাতি করে ওই প্রবাসীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় উদ্ধার করেছে পুলিশ। এ সময় ডাকাতদের ফেলে যাওয়া একটি মাইক্রোবাস, গাড়ির ৮টি নকল নাম্বার প্লেট, দুইটি ওয়াকিটকি ও ৩টি দা সহ ওই প্রবাসীকে উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। সোমবার ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাত আড়াইটায় রূপগঞ্জ ইউনিয়নের ৩০০ ফিট রাস্তার ল্যাংটার মাজার হতে পুলিশের ধাওয়ায় রূপগঞ্জ থানাধীন ৩ নং সেক্টর প্রগতি স্কুলের সামনে মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যায় অজ্ঞাত ডাকাত দলের সদস্যরা।

পুলিশ জানায়, বিমানবন্দর হতে বিদেশ ফেরৎ যাত্রীসহ ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে ঢাকা মেট্রো-গ-২৩-১৯০৮ এক্স-ফিল্টার গাড়িযোগে যাওয়ার পথে পিছন দিক থেকে আসা সিলভার রংয়ের একটি হাইচ, যার রেজি. নং- ঢাকা- মেট্রো- চ-১২-২২৯৯ হতে অজ্ঞাতনামা ৬/৭ জন লোক নেমে পুলিশ পরিচয় দিয়ে উক্ত গাড়িকে গতিরোধ করে। গাড়ি হতে বিদেশ ফেরৎ যাত্রী সুমনকে টেনে হেঁচড়ে তাদের গাড়িতে তোলে। পূর্বাচল-৫৩ পুলিশ ক্যাম্প থেকে খবর পেয়ে পুলিশ উক্ত মাইক্রোবাসকে পিছন দিক থেকে ধাওয়া করলে উক্ত গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে উক্ত মাইক্রোবাসের সামনের অংশে ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে মাইক্রোবাস হতে বিদেশ ফেরৎ যাত্রী সুমনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরবর্তীতে গাড়িটি রূপগঞ্জ থানাধীন ৩নং সেক্টর প্রগতি স্কুলের সামনে অজ্ঞাতনামা ৭/৮ জন দুর্বৃত্ত গাড়িটি ফেলে পালিয়ে যায়।

ফেলে যাওয়া গাড়ির মধ্য থেকে পুলিশ একটি কালো রংয়ের ব্যাগে রক্ষিত ৮টি নকল নাম্বার প্লেট, যার মধ্যে ২টি ঢাকা মেট্রো-চ-১৪-৮৬০৪, ২টি ঢাকা মেট্রো-চ-১৯-০০১৪, ২টি ঢাকা মেট্রো-চ-১৯-৩৮৮২, ২টি ঢাকা মেট্রো-চ-১৯-৪৬২৮ নাম্বার প্লেট, ২টি কালো রংয়ের ওয়ারলেস সাদৃশ্য ওয়াকিটকি, ৩টি দা এবং ৩টি লাঠি উদ্ধার করেন।

যাত্রীবাহী প্রাইভেট কারের চালক মোজাহিদ খাঁ এবং যাত্রী সুমন মিয়াকে দুর্বৃত্তরা আঘাত করলে পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।