নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির ইশতেহারে থাকা ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে সাধারণ লোকজনের কাছ থেকে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাসেল ওরফে জিলানী নামে কথিত এক বিএনপি নেতার বিরুদ্ধে।
সোমবার কাশিপুর ইউনিয়নের নরসিংপুর এলাকায় এঘটনায় বিক্ষোভ করেছে এলাকাবাসী।
এলাকাবাসী জানান, জাতীয় সংসদ নির্বাচনের পরের দিনই জিলানী ও তার স্ত্রী হাসিনা মিলে ‘জিসান ট্রেডার্স’ নামে একটি কার্ডের মাঝখানে ফ্যামিলি কার্ড লিখে এলাকাবাসীর মাঝে তা বিক্রী করেন। এ কার্ড যে কিনবেন তার কাছে কম দামে খাদ্য সামগ্রী বিক্রি করা হবে। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে তারা ৩০০ পরিবারের কাছে ৫০ টাকায় একেকটি কার্ড বিক্রি করেন। এ কার্ড দেখিয়ে প্রতিমাসে ১২৮৫ টাকায় ১৭২৫ টাকার পণ্য কিনতে পারবে।
সোমবার সকালে তাদেরকে ফ্যামিলি কার্ডের খাদ্য পণ্য দেয়ার কথা ছিল। কিন্তু সকাল পেরিয়ে বিকেল হলেও তারা পণ্য না পেয়ে বুঝতে পারেন এটা প্রতারণা। পড়ে তারা একত্রিত হয়ে জিলানীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করলে বিষয়টি ছড়িয়ে পড়ে।
ওই ফ্যামেলি কার্ডে পাওয়া মোবাইল নাম্বারে ফোন করলে এক নারী রিসিভ করে নাম প্রকাশে অনিচ্ছুক জানিয় বলেন, তার কোন সমিতি নেই। তবে কম দামে খাদ্য পণ্য ক্রয় করে তা বেশি দামে বিক্রী করেন। জিলানী তার মামা। তার মাধ্যমেও সে খাদ্য পণ্য বিক্রি করেন বলে ফোন কেটে দেয়। পরবর্তীতে একাধীকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বিএনপিতে জিলানীর কোন পদপদবী নেই। কিন্তু জিলানী দাবী করেন সে বিএনপি নেতা।
এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, এ ধরনের প্রতারণার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ জরুরী।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন জানান, বিষয়টি জানার পর তিনি অভিযুক্তের সঙ্গে ফোনে কথা বলেছিলেন এবং কার্ডগুলো থানায় জমা দেয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে পরবর্তীতে সোমবার রাতে তিনি নিশ্চিত করেন, অভিযুক্ত রাসেল ওরফে জিলানী এবং তার স্ত্রী হাসিনাকে আটক করা হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ বিপুল পরিমাণ ছাপানো অবৈধ ফ্যামিলি কার্ডসহ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

































আপনার মতামত লিখুন :