News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

বিরোধী দলীয় হুইপ পদে আলোচনায় নারায়ণগঞ্জের আল আমিন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১০:০৯ পিএম বিরোধী দলীয় হুইপ পদে আলোচনায় নারায়ণগঞ্জের  আল আমিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে চমক দেখিয়ে বিজয় ছিনিয়ে এনেছেন আবদুল্লাহ আল আমিন। এনসিপি প্রার্থী হিসেবে তার এই জয় শুধু স্থানীয় রাজনীতিতেই নয়, জাতীয় রাজনীতিতেও নতুন সমীকরণের জন্ম দিয়েছে। নবনির্বাচিত এই সংসদ সদস্য এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

জানা গেছে, নারায়ণগঞ্জ-এর এই গুরুত্বপূর্ণ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে বিজয় অর্জন করেন তিনি। মাঠপর্যায়ে তার সক্রিয়তা, তরুণ ভোটারদের সম্পৃক্ততা এবং জোটভিত্তিক সমন্বিত প্রচারণাই ছিল সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত জোটের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন। নির্বাচনে চমকের কারনে তার গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক দক্ষতার কারণে ইতোমধ্যেই তাকে গুরুত্বপুর্ন দায়িত্ব দেয়া হতে পারে এমন গুঞ্জন রয়েছে। বিশেষত সংসদে বিরোধী দলীয় চীফ হুইপ করার গুঞ্জন জোরালো হয়েছে।

এনসিপির একাধিক সূত্র জানায়, সংসদে কার্যকর ও কৌশলী ভূমিকা পালনের জন্য নেতৃত্বে নতুন মুখ প্রয়োজন। এমন ভাবনা থেকেই আবদুল্লাহ আল আমিনের নাম সামনে আসছে। বিশেষ করে তার নেতৃত্বগুণ, আলোচনার বাইরে থেকেও চমক দেখানো এবং তার সাংগঠনিক দক্ষতা দলের ভেতর তাকে অনন্য পর্যায়ে নিয়ে এসেছে।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী বলেন, ‘বিরোধী দলীয় নেতা স্বাভাবিক ভাবেই হতে যাচ্ছেন ডা. শফিকুর রহমান। ডেপুটি স্পিকারও জামায়াত থেকেই দেয়ার কথা। তবে বিরোধী দলীয় চীফ হুইপ হিসেবে আলোচনায় আছেন দুজন। তারা হলেন হাসনাত আবদুল্লাহ ও আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জের এনসিপির নেতাকর্মীরা ইতোমধ্যে আবদুল্লাহ আল আমিনের জন্য সুপারিশ তুলেছেন। বাকিটা দলের সিদ্ধান্ত।

জেলা জাতীয় যুবশক্তির মূখ্য সংগঠক রাইসুল ইসলাম রিফাত বলেন, ‘আবদুল্লাহ আল আমিন সংসদে বিরোধী দলীয় চীফ হুইপ হিসেবে আলোচনায় আছেন। তার সাংগঠনিক দক্ষতার কারনে তাকে এই পদে দেয়ার আলোচনা উঠেছে। বিশেষত ঢাকার কাছে গুরুত্বপুর্ন একটি জেলায় যেভাবে বিজয়ী হয়ে এসেছেন তাতে চমক পেয়েছে সবাই। ফলে তাকেই যোগ্য হিসেবে মনে করছেন অনেকেই।’

এনসিপির জেলা ও কেন্দ্রের নেতাকর্মীদের মধ্যেও এনিয়ে আলোচনা চলছে। আবদুল্লাহ আল আমিনকে বিরোধী দলীয় চীফ হুইপ হিসেবে দেখতে চাওয়ার কথা প্রকাশ করছেন। তাদের মতে, তরুণ ও স্পষ্টভাষী এই এমপি সংসদে বিরোধী দলের কণ্ঠস্বরকে আরও জোরালো করতে পারবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি শেষ পর্যন্ত আবদুল্লাহ আল আমিন বিরোধী দলীয় চীফ হুইপ হন, তাহলে সংসদে বিরোধী রাজনীতিতে নতুন গতির সঞ্চার হতে পারে। তরুণ নেতৃত্ব ও কৌশলী অবস্থান—এই দুইয়ের সমন্বয়ে তিনি সংসদে শক্তিশালী ভূমিকা রাখতে পারেন বলেও মত তাদের। সেই সাথে নারায়ণগঞ্জ পাবে প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রাপ্ত একজন এমপিকে। এখন দেখার বিষয়, গুঞ্জন কতটা বাস্তবে রূপ নেয়। তবে নারায়ণগঞ্জ-৪ আসনের এই নবীন এমপি যে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন—তা বলাই যায়।