ঐতিহ্যের শহর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এবার পেল আধুনিকতার এক ঝলমলে সংযোজন। উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তায় যাত্রা শুরু করলো অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিলাসবহুল বাণিজ্যিক কেন্দ্র ুপ্রিন্সিপ্যাল হান্ড্রেড শপিং মল”।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শপিং মলটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানটি শুধুমাত্র আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ ছিল না; দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সংমিশ্রণে পুরো আয়োজনটি এক আধ্যাত্মিক আবহে রূপ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপিং মলটির শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সহোদর আব্দুল হান্নান বেপারী ।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এই ধরনের আধুনিক শপিং মল সোনারগাঁয়ের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার করবে।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তাহরীকে খতমে নবুওয়াত বাংলাদেশ-এর আমীর ও বিশিষ্ট শাইখুল হাদীস মুফতি সাইয়্যেদ ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী (পীর সাহেব জৈনপুর)। তিনি প্রতিষ্ঠানের সার্বিক সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।
প্রিন্সিপ্যাল গ্রুপ-এর চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম ফজলুল হক-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হান্ড্রেড প্লাজা লিমিটেড-এর চেয়ারম্যান এস এ এম ইয়াসিন খন্দকার এবং ডিএমডি মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ।
উদ্বোধন প্রসঙ্গে প্রিন্সিপ্যাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব কাজী মো. ওবায়েদ উল্লাহ বলেন, আমরা সোনারগাঁবাসীকে আন্তর্জাতিক মানের কেনাকাটার অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই শপিং মলটি শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয়, বরং এটি এ অঞ্চলের আধুনিকায়নের এক নতুন প্রতীক।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রধান বলেন, প্রিন্সিপ্যাল হান্ড্রেড শপিং মলের মতো আধুনিক বাণিজ্যিক কেন্দ্রের উদ্বোধন সোনারগাঁয়ের উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। এটি শুধু কেনাকাটার একটি স্থান নয়, বরং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এমন বিনিয়োগ এলাকায় ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়াবে এবং তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
সংশ্লিষ্টরা জানান, শপিং মলটিতে ক্রেতাদের জন্য নিশ্চিত করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক লিফট সুবিধা, সুবিশাল কার পার্কিং এবং আরামদায়ক কেনাকাটার পরিবেশ।
উদ্বোধনের দিন স্থানীয়দের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে, যা নতুন এই বাণিজ্যিক কেন্দ্রকে ঘিরে মানুষের আগ্রহেরই বহিঃপ্রকাশ। আলোকসজ্জায় সজ্জিত দৃষ্টিনন্দন ভবনটি ইতোমধ্যেই এলাকাবাসীর মাঝে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কর্তৃপক্ষ সকলকে সপরিবারে উপস্থিত হয়ে এই আধুনিক শপিং মলটি পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন।

































আপনার মতামত লিখুন :