বন্দরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্বাধীন (৩০) নামে গার্মেন্ট কর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে বন্দর থানার নবীগঞ্জ ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ ঘটনাটি ঘটে।
নিহত স্বাধীন বন্দর থানার নবীগঞ্জ অলিম্পিয়ার্ড এলাকার বাদল মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে একই এলাকার সেলিম মিয়ার টিনশেড বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।
নিহতের পরিবার ও এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, সোমবার কারখানা ছুটি থাকায় বাসায় থাকায় ছোট ভাই শাহিদকে (৯) সঙ্গে নিয়ে নবীগঞ্জ ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন স্বাধীন।
একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে গেলে শাহিদ চিৎকার শুরু করে। তার ডাক শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর বিকেল সাড়ে ৪টায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের মামা মো. জাকির হোসেন বলেন, স্বাধীন সামান্য সাঁতার জানত। স্থানীয়দের কাছে শুনেছি, গোসল করার সময় নদীর স্রোতে পড়ে তলিয়ে যায়।
নারায়ণগঞ্জ সদর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, সাঁতার কাটতে গিয়ে সে আর তীরে ফিরতে পারেনি। মরদেহে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।








































আপনার মতামত লিখুন :