দক্ষিণ আফ্রিকায় একটি সুপারসপে অগ্নিকাণ্ডে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ও বক্তাবলীর ৬ জনের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে দোকানে ভয়াবহ ওই অগ্নিকা-ের ঘটনা ঘটে। আহত আরেকজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, কুইন্সটাউটে আলীরটেক ইউনিয়নের ৪নং ইউপি সদস্য রওশন আলীর মালিকানাধীন সুপার সপ রয়েছে। রাতে সবাই ঘুমিয়ে ছিল। হঠাৎ সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬জনের মৃত্যু হয়। এসময় তারা দোকানের ভেতর ঘুমাচ্ছিলেন বলে জানা যায়।
নিহতরা হলেন নারায়ণগঞ্জের ফতুল্লা আলীরটেক ইউনিয়নের ক্রোকের চর এলাকার মনির হোসেনের ছেলে মো. ফাহিম (২৯), একই এলাকার আলী মিয়ার ছেলে আপন আহমেদ (২৩), মৃত শরব আলীর ছেলে নুর মোহাম্মদ (৫৫), একই ইউনিয়নের তৈলখিয়ার চর এলাকার ফারুক হোসেনের ছেলে মো. ফয়সাল (২৬), বক্তাবলী ইউনিয়নের মৃত আক্তার হোসেনের ছেলে মো. শাহিন (৩০) এবং মুন্সিগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার কালিন্দিপাড়া এলাকার মৃত সালাম বেপারির ছেলে মো. রাজিক (৫৫)।
ঘটনার খবর দেশে পৌঁছানোর পর থেকেই আলীরটেক ও বক্তাবলীর গ্রামগুলোতে নেমে এসেছে শোকের মাতম। একের পর এক বাড়িতে ভিড় করছেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। কোথাও মায়ের আর্তনাদ, কোথাও বাবার হাহাকার, কোথাও আবার সন্তান হারানোর বেদনায় স্তব্ধ হয়ে আছেন পরিবারের সদস্যরা।
স্বজনদের আরেকটি বড় উদ্বেগ এখন লাশ দেশে ফিরিয়ে আনা। আগুনে মরদেহগুলো ব্যাপকভাবে পুড়ে যাওয়ায় আদৌ মরদেহ ফেরত পাওয়া যাবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা।
স্থানীয় মেম্বার ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মালিকের ভাই রওশন আলী জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতরা সবাই তার আত্মীয়স্বজন। তাদের মধ্যে কেউ ভাতিজা, কেউ ভাগ্নে, আবার কেউ বড় ভাই।

































আপনার মতামত লিখুন :