News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

লক্ষ্মীনারায়ণ কটন মিলে বেধড়ক পিটিয়েছে নিট কনসার্ন বাহিনী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বিশেষ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৯:৫২ পিএম লক্ষ্মীনারায়ণ কটন মিলে বেধড়ক পিটিয়েছে নিট কনসার্ন বাহিনী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত বেসরকারী করণকৃত নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিলটির অভ্যন্তরে বালু ফেলতে বাধা দেয়ায় নারীসহ কয়েকজনকে বেধড়ক পিটিয়েছে নিট কনসার্ন গ্রুপের নিয়োজিত বাহিনী। মঙ্গলবার রাতে মিলটির অভ্যন্তরে মসজিদের পাশে বালু ফেলতে বাধা দেয়ায় এ ঘটনা ঘটে। দখলদার নিট কনসার্ন গ্রুপ নিয়োজিত আশিক বাহিনীর সন্ত্রাসী হামলায় নারী এমিলি, আরমানসহ কয়েকজন আহত হয়েছে। তাদের মধ্যে এমিলিকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিলটির শেয়ারহোল্ডাররা দীর্ঘদিন ধরেই দখলদার নিট কনসার্ন গ্রুপের বিরুদ্ধে অবৈধভাবে শেয়ার ক্রয়ের মাধ্যমে মিলটি দখলে নেয়ার প্রতিবাদে আন্দোলন চালিয়ে আসছে। মিলটির শেয়ারহোল্ডারদের সঙ্গে মিলটির দখলদার নিট কনসার্ন গ্রুপের মধ্যে দীর্ঘ দেড় দশক ধরে বিবাদ চলে আসছে। ১৮ একর ৬৫ শতাংশের উপর গড়ে ওঠা শতবছরের পুরনো নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিলটি ২০০১ সালে ২১ মার্চ ৫১০ জন শেয়ার হোল্ডারদের মালিক বানিয়ে মিলটি হস্তান্তর করে তৎকালীন সরকার। ২০০১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত মিলটিতে প্রতি মাসে ৫০ লাখ টাকা আয় হলেও ১২ বছরে কোটি কোটি টাকা লোপাট করা হয়েছে। শেয়ারহোল্ডাররা হিসাব চাইতে গেলে তৎকালীন পরিচালনা পর্ষদ তাদের ক্যাডার বাহিনী দিয়ে আমাদের হুমকী ধমকী দিতো। এরপর মিলটির একজন বিনিয়োগকারী নিয়োগের কথা বলে প্রতারণার মাধ্যমে ৪৭৩ টি শেয়ার হাতিয়ে নিয়ে নিট কনসার্ন গ্রুপের কাছে বিক্রি করে দেয়। অথচ মিলটির শেয়ার বিক্রি করা আইনগতভাবে বৈধ নয়। আনুমানিক মূল্য ৭০০ কোটি টাকা হলেও মাত্র ৩৫ কোটি টাকায় মিলটি দখলে নেয় নিট কনসার্ন গ্রুপের জয়নাল আবেদীন মোল্লা ও তার লোকজন এমনটিই অভিযোগ শেয়ারহোল্ডারদের। ৫৩ জন শেয়ারহোল্ডার শেয়ার বিক্রি করতে রাজী না হওয়ায় তাদের উপর গত ১৫ বছর ধরে চালানো হয়েছে নির্যাতনের স্টীম রোলার। এক শেয়ারহোল্ডারের রিট পিটিশন অনুযায়ী ২০১৫ সালের ২১ জানুয়ারী হাইকোর্ট ডিভিশন বেঞ্চের জাস্টিস মোঃ রেজাউল হাসান নির্বাচন দেয়ার আদেশ দেন। নির্বাচন না হওয়া পর্যন্ত নিরপেক্ষ হিসেবে হাইকোর্টের আদেশে অদ্যাবধি মিলটির চেয়ারম্যান পদে রয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। হাইকোর্ট ঐতিহ্যবাহী মিলটির স্থাবর ও অস্থাবর সম্পদ ভাঙচুরে নিষেধাজ্ঞা জারি করলেও তাতে কোনরূপ কর্ণপাত করেনি বিগত দুর্নীতিবাজ পরিচালনা পর্ষদ এবং নিট কনসার্ন গ্রুপের মালিকপক্ষ ও তাদের লোকজন। বরং এখনো তাদের বেআইনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। লক্ষ্মীনারায়ণ কটন মিলের ভেতরে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করা ছাড়াও একাধিক পুকুর ভরাট করে ফেলা হয়েছে। প্রায়শই শেয়ারহোল্ডারদের উচ্ছেদের হুমকীও দেয় নিট কনসার্ন গ্রুপের ক্যাডাররা। মিলের ভেতরের দীর্ঘদিনের পুরনো মন্দিরটিও ভেঙ্গে ফেলা হয়েছে। যা নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেও দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে।

এদিকে সম্প্রতি হাইকোর্টে একটি মামলায় মিলটির বিষয়ে প্রতিবেদন দাখিল করেছে বিটিএমসি। ওই প্রতিবেদনে তারা উল্লেখ করেছেন নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলের ৫১০ জন শেয়ারহোল্ডারের মধ্যে ৪৭৩ জন শেয়ারহোল্ডার সরকারের কোন অনুমোদন না নিয়েই অবৈধভাবে তাদের শেয়ারসমূহ নিট কনসার্ন লিমিটেড এর অনুকূলে বিক্রি করে দেন। এই অবৈধ পদক্ষেপটি উপরোক্ত শ্রমিক কর্মচারীদের মাধ্যমে উক্ত মিলের কার্যক্রমকে অব্যাহত রাখার ক্ষেত্রে সরকারের উদ্দেশ্যেকে নস্যাৎ বা ব্যাহত করেছে।

এদিকে মিলটির বেশীরভাগ অংশ নিট কনসার্ন লিমিটেডের মালিকপক্ষ দখলে নিলেও শেয়ারহোল্ডারদের কলোনীসহ মসজিদ এলাকা এখনো দখলে নিতে পারেনি। তবে গত কিছুদিন ধরেই তারা শেয়ারহোল্ডারদের কলোনী থেকে উচ্ছেদসহ পুরো এলাকা নিজেদের কব্জায় নেয়ার জন্য হুমকী দিয়ে আসছিল। বিভিন্ন সময়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে মহড়াও দিচ্ছিল দখলদার নিট কনসার্ন গ্রুপের লোকজন। এতে করে উচ্ছেদ আতঙ্ক নিয়েই দিন কাটাচ্ছিলেন বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী মিলটির শেয়ারহোল্ডাররা। যে কারণে শেয়ারহোল্ডাররা তাদের মালিকানা রক্ষায় সম্প্রতি জেলা প্রশাসক, পুলিশ সুপার, নাসিকের প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছিলেন।

এদিকে সন্ত্রাসীদের মহড়া, হুমকী ধমকীতে শেয়ারহোল্ডারদের টলাতে না পেরে মঙ্গলবার রাতে মিলটির অভ্যন্তরে শেয়ারহোল্ডারদের কলোনী সংলগ্ন মসজিদের পাশে বালু ফেলতে শুরু করে দখলদার নিট কনসার্ন গ্রুপের নিয়োজিত সন্ত্রাসী বাহিনী। এসময় কলোনীর নারী ও পুরুষরা তাদের বাধা দিতে আসলে সন্ত্রাসীরা লাঠিসোটা দিয়ে তাদেরকে বেধড়ক মারধর করতে থাকে। এতে শেয়ারহোল্ডার পরিবারের সদস্য এমিলি, আরমানসহ কয়েকজন গুরুত্বর আহত হয়েছে। তাদের মধ্যে এমিলিকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আন্দোলনরতরা জানান, শফিক, হারুন ও হারুনের ছেলে রিফাত, শাহাবুদ্দিন, হেলা ও হেলার ছেলে নিজাম, সেকান্দার, ফটিক, আলাউদ্দিন, রিফাতসহ আরো অনেকে হামলার সময় উপস্থিত ছিল।

পরে শেয়ারহোল্ডাররা হামলার বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দিলে সিদ্ধিরগঞ্জ থানার একজন কর্মকর্তা ফোর্সসহ ঘটনাস্থলে আসেন। তবে এর আগেই হামলাকারীরা সটকে পড়ে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।