News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

মহিলা সংস্থা চেয়ারম্যান পদে আলোচনায় তিন নারী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ১০:৪৭ পিএম মহিলা সংস্থা চেয়ারম্যান পদে আলোচনায় তিন নারী

গত ১৬ জুন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের স্ত্রী। সেই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান কে হচ্ছেন ইতোমধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে। বর্তমান এমপির স্ত্রী, কন্যা, সাবেক প্যানেল মেয়র ও মহিলা দলের নেত্রীরা জেলা মহিলা সংস্থা কমিটিতে ঠাঁই নেয়ার তদবিরে ছুটাছুটি শুরু করছে।

একাধিক সূত্রে জানা গেছে, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস দেশে ফিরে দায়িত্ব নেয়া পরপরই নারায়ণগঞ্জের ৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করবেন। তিনি চেয়ারম্যান নিয়োগের পর সারাদেশে মহিলা দলের নেত্রীদের যথাযর্থ ভাবে এই পদে দায়িত্ব দেয়ার গুঞ্জন সৃষ্টি হয়েছে। অসুস্থ স্বামী পাশে হাসপাতালে সময় অতিক্রম করছেন আফরোজা আব্বাস।

নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থা চেয়ারম্যান হওয়ার গুঞ্জনে রয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপির কন্যা অ্যাডভোকেট সামনূর বাধঁন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র বিভা হাসান।

জানা গেছে, জাতীয় মহিলা সংস্থার প্রতিটি জেলা কমিটি সাধারণত ৫ সদস্যবিশিষ্ট হয়ে থাকে। এই কমিটিতে একজন চেয়ারম্যান এবং সরকার কর্তৃক মনোনীত চারজন সদস্য থাকেন। ১৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারিতে আফরোজা আব্বাসকে দুই বছরের জন্য জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। তবে, নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে তিনি স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে সরকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দায়িত্ব ছাড়তে পারবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বিগত আওয়ামীলীগের সরকার আমলে নারায়ণগঞ্জ জেলা জাতীয় মহিলা সংস্থার একাধিক বার চেয়ারম্যান দায়িত্বে ছিলেন একেএম শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি।