News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট, ডিপিডিসির কর্মচারীর সাহসিকতায় রক্ষা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বিশেষ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১০:০১ পিএম খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট, ডিপিডিসির কর্মচারীর সাহসিকতায় রক্ষা

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা সাধারণ পাঠাগার সংলগ্ন এলাকায় বিদ্যুতের খুটিতে অটোরিকশা গ্যারেজের লাইন মেরামত করতে গিয়েছিল স্থানীয় এক অদক্ষ বিদ্যুৎ মিস্ত্রি। কোন ধরনের সুরক্ষা সামগ্রী ছাড়াই মই দিয়ে বিদ্যুতের খুটির উপরের দিকে উঠে লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল ওই অদক্ষ বিদ্যুৎ মিস্ত্রিটি। তবে এসময় ঘটনাস্থল দিয়ে যাওয়া ডিপিডিসির এক কর্মীর সাহসিকতায় প্রাণে রক্ষা পায় ওই অদক্ষ বিদ্যুৎ মিস্ত্রিটি।

জানা গেছে, ডিপিডিসির সঞ্চালন লাইনে কোন ত্রুটি দেখা দিলে সাধারণত ডিপিডিসির কমপ্লেইন নাম্বারে কল করা হলে ডিপিডিসির কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কন্ট্রোল রুম থেকে সঞ্চালন লাইন বন্ধ করে। এরপর ত্রুটিপূর্ণ সঞ্চালন লাইন মেরামত করে। কিন্তু তল্লা সাধারণ পাঠাগার সংলগ্ন এলাকার একটি অটোরিকশা গ্যারেজ মালিকপক্ষ তাদের সঞ্চালন লাইন মেরামতে ডিপিডিসি কর্তৃপক্ষকে কোন ধরনের খবর না দিয়ে স্থানীয় একটি অদক্ষ বিদ্যুৎ মিস্ত্রির মাধ্যমে তাদের সঞ্চালন লাইন মেরামতের চেষ্টা করে। সোমবার বিকেল পৌনে ৩টার দিকে কোন ধরনের সুরক্ষা সামগ্রী না পড়ে মই দিয়ে বিদ্যুতের খুটির উপরে উঠে সঞ্চালন লাইন মেরামতের চেষ্টা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই বিদ্যুৎ মিস্ত্রি। এসময় স্থানীয়রা হৈ চৈ করে উঠে। ওই সময় ডিপিডিসির কর্মচারী দেলোয়ার মোটরসাইকেলযোগে ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন। হৈ চৈ শুনে তিনি সেখানে ছুটে যান। পরে তিনি সঙ্গে থাকা গ্লাভস ও সুরক্ষা সামগ্রী পরিধান করে মই বেয়ে উপরে উঠেন। এরপর একটি লাঠি দিয়ে ওই অদক্ষ বিদ্যুৎ মিস্ত্রির শরীরে লেগে থাকা তারটি সরিয়ে দিলে বিদ্যুৎ মিস্ত্রিটি প্রাণে রক্ষা পায়। পরে তাকে মই থেকে নিচে নামিয়ে আনে।

ডিপিডিসির কর্মচারী দেলোয়ার হোসেন জানান, তিনি মোটরসাইকেল দিয়ে যাওয়ার সময়ে লোকজনের ডাক চিৎকার শুনে মোটরসাইকেল থামালে এই দৃশ্য দেখতে পান। পরে তিনি দ্রুত সুরক্ষা সামগ্রী পড়ে মই বেয়ে উঠে ওই বিদ্যুৎ মিস্ত্রির শরীর থেকে তারটি সরিয়ে দিলে সে প্রাণে বেচে যান।

এ বিষয়ে বিদ্যুৎ মিস্ত্রির কাছে কোন ধরনের অনুমতি ছাড়া ডিপিডিসির বিদ্যুতের খুটিতে কাজ করছিল জানতে চাইলে সে কোন সদুত্তর দিতে পারেনি। তাকে গ্যারেজ মালিক লাইনটি মেরামত করতে বলায় সে মই নিয়ে বিদ্যুতের খুটির উপরে উঠেছিল বলে জানায়। এ বিষয়ে গ্যারেজ মালিকের কাছে জানতে চাইলে সেও কোন ধরনের সদুত্তর দিতে পারেনি।

এ বিষয়ে জানতে চাইলে ডিপিডিসির প্রধান প্রকৌশলী কামাল হোসেন জানান, ডিপিডিসির বিদ্যুতের খুটিতে কোন সমস্যা হলে সেটা আমাদের জানাবে। আমাদের টিম গিয়ে সেটা ঠিক করে দিবে। কিন্তু সেটা না করে অনেকেই অদক্ষ বিদ্যুৎ মিস্ত্রি দিয়ে ঝূঁকিপূর্ণভাবে সঞ্চালন লাইন মেরামতের কাজ করায়। এতে করে আমাদের প্রশ্নবিদ্ধ হতে হয়। যে অটোরিকশা গ্যারেজের মালিকপক্ষ অবৈধভাবে লাইন মেরামতের কাজ করার জন্য লোক নিয়োগ দিয়েছে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।