ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের এক বিএনপি নেতার হুমকির বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হুমকিমূলক বক্তব্য ভাইরালের কারণে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এতে করে ভোটাররা কেন্দ্রমুখী না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের এক নির্বাচনী প্রচারণায় সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন এই বক্তব্য দেন। তার হুমকির বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরায় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেল ৪টায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছোট সাদিপুর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় বিএনপি নেতা নিজাম উদ্দিন তার বক্তব্যকালে বলেছেন, ধানের শীষ প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট দিলে নির্বাচনের পর কাউকে রেহাই দেওয়া হবে না।
ভাইরাল বক্তব্যে তাকে বলতে শোনা গেছে, এখানে ১৬ শ ৮টি আছে। যদি এখানকার ১৫'শ ভোট কাস্ট হয় আর ২'শ ভোটও যদি বাহিরে যায় ইনশাআল্লাহ আমরা ধরে ফেলবো। মনে রাখবেন কে কে অন্য মার্কায় ভোট দিয়েছেন সেটা বের করতে আমাদের কারো কাছে যাওয়া লাগবে না,কারণ আপনাদের পেছনে আমাদের গোয়েন্দা লাগানো রয়েছে। আমি আল্লাহর কসম করে বলতেছি আপনারা এখনই আমাদের সাথে ধানের শীষের ছায়াতলে আসেন। আর যদি আমরা নির্বাচনের পরে দেখতে পাই এখান থেকে অন্য মার্কায় ভোট চলে গেছে, আপনাদের মধ্যকার কেউ আমাদের সাথে থেকে বেইমানি করে ১০-২০-৫০ ভোট অন্য মার্কায় চলে গেছে তাহলে কিন্তু কারো রেহাই নেই বলে দিলাম।
ভোটারদের ভাষ্য, এ ধরনের হুমকিমূলক বক্তব্য সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করছে। স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করছে। এটাতে ভোটার ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও শঙ্কায় রয়েছেন।
সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন জানান, আমার আত্মীয় স্বজনদের নিয়ে একটি দাওয়াত শেষে উঠান বৈঠক করেছিলাম। এসময় আমার কিছু আত্মীয় স্বজনের সামনে ওই মন্তব্য করেছিলাম। কিন্তু অন্য কোনো এলাকায় কিংবা মানুষকে এমন কথাবার্তা বলিনি প্রয়োজনে আপনারা এসে তদন্ত করুন। আত্মীয় স্বজনদের শাসিয়েছি অন্য কিছু না।
বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভুঁইয়া বলেন,মানুষকে হুমকিধামকি দেওয়া জাতীয়তাবাদী দলের চিরাচরিত অভ্যাস বা স্বভাব এর বাহিরে যেতে পারে না এটাই নিজামউদ্দিন ভাইয়ের বক্তব্যে স্পষ্ট। গণতন্ত্র আর নির্বাচনের আরপিওতে স্পষ্ট বলা আছে এমন আচরণ করা যাবে না।
তিনি বলেন, নির্বাচন পরিচালনার বিঁধি অনুযায়ী নিজামউদ্দিনকে গ্রেফতার করা উচিত। এবং গঠনতন্ত্র ও আরপিওর প্রেক্ষিতে তাকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী গ্রেফতার করতে ব্যর্থ হলে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তকে গ্রেফতারে ব্যর্থ হলে যে এলাকায় হুমকি মূলক বক্তব্য দেওয়া হয়েছে সেখানে গিয়ে দুঃখিত বলা উচিত।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আসিফ আল জিনাত বলেন, ভিডিওর বিষয়টি তার নজরে এসেছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

































আপনার মতামত লিখুন :