News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রতি শনিবার ১ ঘণ্টা করে পরিচ্ছন্ন কর্মসূচি পালন করবে নাসিক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৬, ০৭:২৭ পিএম প্রতি শনিবার ১ ঘণ্টা করে পরিচ্ছন্ন কর্মসূচি পালন করবে নাসিক

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত আগামী তিন মাস দেশব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জেও র‌্যালি ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার ১২ সেপ্টেম্বর সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নারায়ণগঞ্জ মর্গ্যান স্কুল, দেওভোগ সিটি পার্ক, আমলাপাড়া আইডিয়াল স্কুল, বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয় ও আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

র‌্যালি শেষে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত আগামী তিনমাসের কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে এই র‌্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আমরা ২৭টি ওয়ার্ড তিনটি থানায় ভাগ করে প্রতি এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবো। প্রতি শনিবার ১ ঘণ্টা করে এই পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করছি। আমরা নারায়ণগঞ্জকে প্রতিটি আনাচেকানাচে পরিষ্কার করে নারায়ণগঞ্জবাসীকে একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ উপহার দিতে চাই। এরজন্য আমাদের সকল নগরবাসীর সহযোগিতা চাই। নিজেদের বাসা বাড়ি নিজেদের পরিষ্কার রাখতে হবে। ময়লা নিদিষ্ট এক জায়গা ফেলতে হবে। যাতে করে ডেঙ্গু মশা জন্ম নিতে না পারে। এ বছর নারায়ণগঞ্জে ৫০০জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে কিন্তু এখন পর্যন্ত কেউ মারা যায়নি। আশা করি নারায়ণগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাবেনা। সেজন্য আমাদের এই কর্মসূচি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, প্রধান প্রকৌশলী আজগর হোসেন, টাউন প্ল্যানার মঈনুল হোসেন, মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ আরো অনেকে।