ব্যবসায়ীদের জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিতের তীব্র দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও (আইবিডব্লিউএফ) নারায়ণগঞ্জ মহানগরের উপদেষ্টা মাওলানা আবদুল জব্বার।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সিনামুন চাইনিজ রেস্তোরাঁয় আয়োজিত 'শিল্প বিকাশে উদ্যোক্তা' শীর্ষক এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। অনুষ্ঠানটির আয়োজন করে আইবিডব্লিউএফ নারায়ণগঞ্জ মহানগর।
সভায় মাওলানা আবদুল জব্বার বলেন, নারায়ণগঞ্জে ব্যবসাকে কীভাবে ঝুঁকিমুক্ত ও সহজ করা যায়, সে বিষয়ে সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে আসছে। ব্যবসায়ীদের পারস্পরিক বোঝাপড়া ও পারস্পরিক আস্থার ভিত্তি মজবুত করে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান তিনি।
তিনি জোর দিয়ে বলেন, "যারা সৎ ও হালাল রুজির উদ্দেশ্যে এই অঞ্চলে ব্যবসা ও বিনিয়োগ করতে এসেছেন, তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ব্যবসায়ীরা যদি যথাযথ নিরাপত্তা না পান, তবে তারা ব্যবসা-বাণিজ্য থেকে পিছিয়ে পড়তে বাধ্য হবেন, যা শিল্প বিকাশের গতিকে থমকে দেবে।"
মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন এবং নারায়ণগঞ্জের শিল্প-বাণিজ্যের বর্তমান সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।




































আপনার মতামত লিখুন :