News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

হুমকিতে ভীত না ছাত্ররা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বিশেষ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৯:৫৫ পিএম হুমকিতে ভীত না ছাত্ররা

নারায়ণগঞ্জে ছাত্র জনতার আন্দোলন যে কতটা ভয়াবহ ও ফলপ্রসূ হয় সেটা প্রমাণ হয়েছিল চব্বিশে। ওই বছরের জুলাই ও আগস্টে নারায়ণগঞ্জে ছাত্র জনতার তীব্র আন্দোলনে পরাজিত হয় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। গত ২ বছরে নারায়ণগঞ্জের ছাত্ররা এখনো দমেনি। ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা যখন প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষ আর রক্ত ঝরায় তখন বাম ঘরনার ছাত্র সংগঠনগুলো মাঠে নামে বর্ধিত বাস ভাড়া রোধে। গত কয়েকদিনে বাম ঘরনার ছাত্র সংগঠনগুলোর তুমুল প্রতিরোধে এক সময়ে পরিবহন মালিকেরা বাধ্য হয় আগের ভাড়া নিতে।

এদিকে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সহ সভাপতি ইউশা ইসলামকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। জেলা ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মৃধা বলেন, আমাদের একজন নেতাকে বন্ধন পরিবহনের পরিচয় দিয়ে সাখাওয়াত ইসলাম রানা নামে একজন হুমকি দিয়েছেন। তিনি দেখে নিবেন বলে জানিয়েছেন। তবে এ বিষয়ে সাখাওয়াত ইসলাম রানার সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

গত ২১ সেপ্টেম্বর জ্বালানী তেলের দাম বাড়ার পর সরকারী প্রজ্ঞাপনের আগেই ২২ সেপ্টেম্বর সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া বৃদ্ধি করে ৫৫ টাকা থেকে ৬০ টাকা করে আদায় করা হয়।

২৩ সেপ্টেম্বর বাড়তি ভাড়া আদায় নিয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলেন গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। তবে সেদিনও ৬০ টাকা করেই ভাড়া আদায় করছিলেন বাস মালিকেরা।

দুপুরের ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা সরাসরি কাউন্টারে গিয়ে বাড়তি ভাড়া আদায়ে বাধা দিলে কিছুক্ষণ সময় বাস চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে আবার ৬০ টাকা করেই ভাড়া নিয়েই যাত্রী আনা নেয়া করে বন্ধন ও উৎসব পরিবহন।

২৪ সেপ্টেম্বর বিকেলে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের বাধার মুখে ৬০ টাকা করে ভাড়া আদায় করতে না পেলে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিকরা। পরে সেদিন বিকেলের পর থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। সে রাতে সদর মডেল থানার ওসি পরিবহন মালিক ও ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে ২৭ সেপ্টেম্বরের আগ পর্যন্ত ৫৫ টাকা ভাড়া আদায়ের নির্দেশ দেন।

পরবর্তীতে শুক্রবার সকাল থেকে ৫৫ টাকা ভাড়া নিয়েই যাত্রী পরিবহন শুরু করে বন্ধন ও উৎসব পরিবহনের বাস।