News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ইসলামী ছাত্র মজলিস মহানগরীর দায়িত্বশীল শিক্ষা সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৭:৫৫ পিএম ইসলামী ছাত্র মজলিস মহানগরীর দায়িত্বশীল শিক্ষা সভা

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে নির্ধারিত দায়িত্বশীলদের নিয়ে এক শিক্ষা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে ছাত্র মজলিসের সাবেক সহযোগী সদস্য প্রয়াত আহনাফ আকিফের চাঁনমারি বাসভবনে এই সভার আয়োজন করা হয়।

সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাকারিয়া হোসাইন জাকির।

প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া হোসাইন জাকির বলেন, "ইসলামী ছাত্র মজলিসের দায়িত্বশীলদেরকে সর্বাগ্রে নিজেদের আদর্শিক, নৈতিক ও সাংগঠনিক যোগ্যতা বৃদ্ধি করতে হবে। কুরআন-সুন্নাহর আলোকে আত্মগঠন, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও দায়বদ্ধতার মাধ্যমে একজন কর্মী প্রকৃত নেতৃত্বগুণ অর্জন করতে পারে। ব্যক্তি গঠনের ধারাবাহিক প্রচেষ্টাই সমাজ পরিবর্তন ও ইসলামী আন্দোলনের সফলতার মূল ভিত্তি।"

নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি কামরুল হাসান মিরাজের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

বিশেষ অতিথির বক্তব্যে এবিএম সিরাজুল মামুন বলেন, "দ্বীনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে ছাত্র মজলিসের দায়িত্বশীলদেরকে আত্মত্যাগ, সততা, ধৈর্য ও সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। ইসলামী আদর্শে গড়ে ওঠা একদল সৎ ও যোগ্য তরুণই আগামীর সুন্দর সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ইকরামুল হক জুনাইদ, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক সভাপতি মুফতী শেখ শাব্বীর আহমাদ, সাবেক জেলা সভাপতি মুফতি তৌফিক বিন হারিছ, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা সভাপতি খন্দকার হাফেজ মুহাম্মদ আওলাদ, শ্রমিক মজলিস নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আবু কাউসার সরকার এবং ইসলামী ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ মহানগর ক্যাম্পাস ও ছাত্রকল্যাণ সম্পাদক আমির মুহাম্মদ সিয়াম প্রমুখ।

অনুষ্ঠিত শিক্ষা সভায় কর্মসূচির মধ্যে ছিল কুরআন তিলাওয়াত, ইসলামী সঙ্গীত, দারসুল কুরআন, প্র্যাকটিক্যাল ওয়ার্ক, বিষয়ভিত্তিক আলোচনা, এহতেসাব, হেদায়াতি বক্তব্য এবং দু'আ ও মুনাজাত।