News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

নারায়ণগঞ্জকে মেট্রোপলিটন করতে প্রধানমন্ত্রীকে দিপু ভূইয়ার ডিও লেটার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৯:২৯ পিএম নারায়ণগঞ্জকে মেট্রোপলিটন করতে প্রধানমন্ত্রীকে দিপু ভূইয়ার ডিও লেটার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকাকে মেট্রোপলিটন জন্য প্রধানমন্ত্রীকে ডিও লেটার দিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। তিনি একই সঙ্গে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি।

গত ২৮ জুন দিপু ওই চিঠি প্রদান করেন।

এতে তিনি লিখেন, বাংলাদেশের শিল্পায়ন, রপ্তানি বানিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং জাতীয় অর্থনীতিতে নারায়ণগঞ্জ জেলার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক । প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ যুগ যুগ ধরে দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। দেশের গার্মেন্টস নীটওয়্যার, হোসিয়ারী, টেক্সটাইল, ডাইং, প্লাষ্টিক, কেমিক্যাল, সিমেন্ট, স্টিল ও জাহাজ নির্মাণসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের একটি বড় অংশ নারায়ণগঞ্জকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এখানে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল এবং বিভিন্ন শিল্প পার্কও রয়েছে। প্রতিদিন এখানে হাজার হাজার কোটি টাকার অর্থনৈতিক লেনদেন হচ্ছে যা এ অঞ্চলকে দেশের অন্যতম ব্যস্ত অর্থনৈতিক করিডোরে পরিনত করেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের সর্বশেষ জনশুমারি প্রতিবেদন এবং বাংলাপিডিয়ার তথ্যমতে, নারায়ণগঞ্জ জেলায় নিবন্ধিত বড় ও মাঝারি শিল্প ইউনিটের সংখ্যা প্রায় ২৪০৯ টি তবে ক্ষুদ্র ও কুটির শিল্প এবং নিয়মিত-অনিয়মিত বা নিবন্ধিত-অনিবন্ধিত হোসিয়ারি ও নিটিং কারখানা সহ হিসাব করলে এই সংখ্যা ১০ হাজারের অধিক রয়েছে। নারায়ণগঞ্জ জেলার মোট জনসংখ্যা প্রায় ৩৯ লাখ ৮ হাজার ৩১৯ জন এবং জাতীয় জিডিপিতে প্রায় ৮ থেকে ৯ শতাংশ অবদান রেখে নারায়ণগঞ্জ বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি বা অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে কাজ করছে এবং ঢাকা ও চট্টগ্রাম জেলার পর পরেই জাতীয় জিডিপিতে নারায়ণগঞ্জ জেলা ৩য় স্থানে আছে। বর্তমানে নারায়ণগঞ্জ জেলার জনসংখ্যা, শিল্প-কারখানার সংখ্যা, ব্যবসায়িক কার্যক্রম, যানবাহনের চাপ এবং নগরায়ণের পরিধি বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

বিশেষ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, আদমজী ইপিজেড, ফতুল্লা বিসিক শিল্পনগরী, রূপগঞ্জ, বন্দর, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ ও আড়াইহাজারে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে লক্ষাধিক শ্রমিক, ব্যবসায়ী, পরিবহন কর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার জনগণের ব্যপক চলাচল রয়েছে। একই সাথে শিল্পাঞ্চল হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা, শিল্প নিরাপত্তা এবং অপরাধ নিয়ন্ত্রণে এই বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ডের নিরাপত্তার জন্য প্রথাগত জেলা পুলিশের চেয়ে আরও বিশেষায়িত ও আধুনিক পুলিশিং ব্যবস্থা প্রয়োজন। বর্তমানে জেলা পুলিশ ব্যবস্থার মাধ্যমে এত বৃহৎ শিল্প ও নগর অঞ্চলের সার্বিক নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রন, গোয়েন্দা নজরদারী এবং দ্রুত নাগরিক সেবা কার্যকর ভাবে নিশ্চিত করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফলে যানজট, চুরি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, শিল্প এলাকায় শ্রম অস্থিরতা এবং বিভিন্ন অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

অন্যদিকে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, খুলনা ও রাজশাহিতে মেট্রোপলিটন পুলিশ ব্যবস্থা চালু থাকায় সংশ্লিষ্ট নগরীতে আইন-শৃঙ্খলা পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। সেই ধারাবাহিকতায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্য নগরী নারায়ণগঞ্জেও একটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন "নারায়ণগঞ্জ মেট্রোপলিটন পুলিশ (এনএমপি)" গঠন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

নারায়ণগঞ্জ মেট্রোপলিটন পুলিশ গঠন করা হলে শিল্প ও বিনিয়োগ নিরাপত্তা আরও জোরদার হবে, অপরাধ দমন ও গোয়েন্দা কার্যক্রম অধিক কার্যকর হবে, ট্রাফিক ব্যবস্থাপনা শৃঙ্খলা ও গতিশীলতা বৃদ্ধি পাবে এবং জরুরী নাগরিকসেবা দ্রুত ও সমন্বিতভাবে নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ আরও সুদৃঢ় হবে। পাশাপাশি স্মার্ট ও পরিকল্পিত শিল্পনগরী হিসেবে নারায়ণগঞ্জের সক্ষমতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা যায়।

অতএব নারায়ণগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, শিল্প নিরাপত্তা, বিনিয়োগ সুরক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে নারায়ণগঞ্জ বাশীর পক্ষ থেকে "নারায়ণগঞ্জ মেট্রোপলিটন পুলিশ" গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।