নারায়ণগঞ্জের ফতুল্লায় নদীদূষণ বন্ধে তিনটি কারখানায় অভিযান চালিয়ে শব্দদূষণের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২ এপ্রিল) সদর উপজেলার ফতুল্লা থানার পোস্ট অফিস রোড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাবাসসুম হাসান তানিশার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশ, ডিপিডিসি ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, ইটিপি ছাড়া তরল বর্জ্য নিঃসরণকারী তিনটি কারখানায় অভিযান চালানো হয়। এর মধ্যে খান ব্রাদার্স টেক্সটাইল মিল লিমিটেডের বিরুদ্ধে হাইকোর্টে রিট মামলা চলমান থাকায় গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি।
সেনা কল্যাণ সংস্থার আরএসকে ডাইং দীর্ঘদিন বন্ধ থাকায় এবং গ্যাস সংযোগ না থাকায় সেটির ক্ষেত্রেও কোনো সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। কর্ণফুলি টেক্সটাইল মিলসের সংযোগ আগেই বিচ্ছিন্ন করা হয়েছিল; সেটি পুনরায় চালু হয়েছে কি না, তা তদারকি করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট কারখানাগুলোকে ইটিপি স্থাপন, দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত এবং পরিবেশগত ছাড়পত্র গ্রহণ না করা পর্যন্ত উৎপাদন কার্যক্রম চালু না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই এলাকায় শব্দদূষণের অভিযোগে মেসার্স সাকুরা রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস লিমিটেডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন, মো. রাসেল মাহমুদ এবং পরিদর্শক টিটু বড়ুয়া উপস্থিত ছিলেন।





































আপনার মতামত লিখুন :