নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে নারী কলেজ প্রভাষককে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
২৯ মার্চ রোববার সকাল সাড়ে ৬টায় পূর্ব ইসদাইরে রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী চাপাতির মুখে জিম্মি করে নারায়ণগঞ্জ কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক ফারজানা আফরোজের কাছ থেকে সোনার চেইন, মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার পরপরই আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলে তিন যুবক ঘটনাস্থলে আসে এবং দ্রুত ছিনতাই করে তারা পালিয়ে যায়। তাদের দু’জনের মুখমন্ডল খোলা এবং একজনের মাথায় হেলমেট পড়া। দু’জনের মুখ খোলা থাকায় চেহারাও পরিস্কারভাবে দেখা যায়। তবে এখনো পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগী প্রভাষক ফারজানা আফরোজ বলেন, ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে সবকিছু কেড়ে নিয়ে চলে গেলো। সিসি ক্যামেরার ফুটেজে ছিনতাইকারীদের পরিস্কার দেখা যায়। কিন্তু গত চারদিনেও গ্রেপ্তার না হওয়ায় বিষয়টি হতাশাজনক।
তিনি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, সিসি ক্যামেরার বেশ কয়েকটি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ফুটেজে ছিনতাইকারীদের কিছু তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্তে কাজ চলছে। অভিযানে অগ্রগতি আছে, শিগগিরই গ্রেপ্তার করা হবে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরে ভোরে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীদের ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রাণহানির ঘটনাও ঘটেছে। খোদ ছিনতাইকারীদের কবলে পড়ে পুলিশের এএসআই তার অস্ত্র খোয়া যাওয়ার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকন্ঠা তৈরী হয়েছে। নিয়মিত টহল জোরদার এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা না গেলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। তারা নগরজুড়ে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

































আপনার মতামত লিখুন :