নারায়ণগঞ্জ শহরের শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি শহরের চাষাঢ়ায় হকার্স মার্কেট ভেঙে দিতে চাচ্ছেন। এছাড়া অটো রিকশা নিয়ে আগামীতে তিনি কঠোর হবেন। ৩০ এপ্রিল এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে সাখাওয়াত সিটি করপোরেশন নিয়ে আগামী দিনে তাঁর ভাবনার বিষয়গুলো তুলে ধরেন।
তিনি বলেন, আমাকে প্রধানমন্ত্রী বসিয়েছেন নারায়ণগঞ্জকে বদলে দিতে। আমি সে চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে সকলের প্রচেষ্টায় শহরের ফুটপাত হকারমুক্ত করা হয়েছে। নিয়মিত ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সিটি করপোরেশনের উচ্ছেদকারী দল অভিযান চালাচ্ছে। আমি ইতোমধ্যে চাষাঢ়ায় হকার্স মার্কেট পরিদর্শন করেছি। সেখানে গিয়ে দেখেছি যাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছিল তাদের কেউ নাই। সবাই দোকান বিক্রি করে চলে গেছে। এ কারণে আমরা সেটা ভেঙে ফেলবো। ভেঙে সেখানে টিনের শেডের নিচে চৌকির মধ্যে হকার বসবে। কোন দোকান থাকবে না।
তিনি বলেন, নারায়ণগঞ্জের বাইরের হকারদের কোন দায়িত্ব আমরা নিব না। নারায়ণগঞ্জের স্থানীয় হকারদের অবশ্যই মানবিক বিবেচনায় পুনর্বাসন করা হবে।
সাখাওয়াত বলেন, নারায়ণগঞ্জ শহর অনেক ছোট। কিন্তু এ শহরে প্রায় ১৮ হাজার রিকশার প্লেট দেওয়া হয়েছে। বিগত দিনে এ প্লেট নিয়ে ব্যবসা হয়েছে। একই ব্যক্তিকে এক হাজারও প্লেট দেওয়া হয়েছে। কারো নামে শত শত প্লেট রয়েছে। এগুলো নিয়ে আগামীতে কাজ করবো। আমাদের ছোট শহরে ১৮ হাজার প্লেট আর রাজধানীর দুটি সিটি করপোরেশনে মাত্র ১০ হাজার প্লেট। ১৮ হাজার রিকশার ভার এ নারায়ণগঞ্জ বইতে পারছে না।
তিনি বলেন, ৩২টি খাল খননের পরিকল্পনা রয়েছে। শহরের রাস্তাঘাট যেগুলো বেহাল সেগুলোর সংস্কার করা হবে। এ জন্য একটি বড় প্রজেক্ট নেওয়া হয়েছে।
শহরের সিটি পার্ককে সম্পদ উল্লেখ করে সাখাওয়াত বলেন, এ পার্কে অবাধে মানুষ ঢুকছে। সেখানে ছিনতাই হচ্ছে। মাদক সেবীরা আড্ডা দেন। আমরা সেখানে লেকে প্যাডেল বোট নামাবো। সেখানে নিরাপত্তা নিশ্চিত করবো।




































আপনার মতামত লিখুন :