News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

সরকারি অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সাইলোর সামনে পশুর হাট আহ্বান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৯:১৯ পিএম সরকারি অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সাইলোর সামনে পশুর হাট আহ্বান

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক ২৩টি পশুর হাটের দরপত্র আহ্বান করার পর থেকে একের পর এক স্থান নিয়ে আপত্তি উঠতে শুরু করেছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১০নং ওয়ার্ডের চিত্তরঞ্জন খেলার মাঠ এবং বন্দরের শীতলক্ষ্যা সেতুর নীচে পশুর হাট দেওয়া নিয়ে সমালোচনা করতে দেখা গেছে। নতুন করে সমালোচনা শুরু হয়েছে ৫নং ওয়ার্ড সাইলো রোড সংলগ্ন মোহরচাঁন কন্টাকটরের খালি জায়গায় কোরবানীর পশুর হাটের অনুমোদন নিয়ে।

স্থানীয়দের অভিযোগ, সাইলো একটি সরকারি গুরুত্বপূর্ন স্থাপনা। এখানে মানুষের যাবতীয় খাদ্যশস্য মজুদ করা থেকে শুরু করে প্রান্তিক ভোক্তাদের কাছে পৌছে দেওয়ার জন্য সরবরাহের কাজ সম্পন্ন হয়ে থাকে। ফলে এখানে সপ্তাহের প্রতিদিনই বেশ চাপ থাকে। স্বাভাবিক ভাবেই এখানে খাদ্য শস্য আনা নেওয়ার কাজ করতে যানজট লাগে। ব্যস্ততম এই সরকারি অতিগুরুত্বপূর্ন স্থাপনার সামনে এমন একটি কোরাবানির পশুর হাট বসানো মানে এখানে খাদ্যশস্য বিতরণের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করা। সেই সাথে নিরাপত্তা জনিতও একটি বিষয় জড়িত এই সাইলোর সাথে। সাইলো একটি কেপিআই ভুক্ত অতি গুরুত্বপূর্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান।

তাই এখানে কোরবানীর পশু হাট বসানো একে যেমন নিরাপত্তার ঘাটতি তৈরি হবে অন্য দিকে পশুর হাটের ফলে এখানে আরো যানজট সৃষ্টি হবে। ফলে খাদ্যশস্য সরবরাহের উপর চাপ সৃষ্টি হবে। স্বাভাবিক গতি ব্যাহত হবে। যার চাপ গিয়ে পড়বে সরাসরি ভোক্তা পর্যায়ে। তাই সিটি কর্পোরেশনের উচিত হবে এই হাটটি দরপত্র স্থগিত করা।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সাইলো অধীক্ষক মো. রিয়াজুল আলমকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, কোথায় হাটের দরপত্র আহ্বান করা হয়েছে সেটা আমাদের জানা নেই। আমাদের সাথে কেউ কোনো আলোচনাও করেননি। আমরা আগে সরেজমিনে স্থানটি পরিদর্শন করবো এরপর আমরা পরবর্তী সিদ্ধান্ত নিবো।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাজার কর্মকর্তা জহিরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এতো বছর হাটের বিষয় গুলো আমার কাছে ছিলো এই বছর হাটের বিষয়টি আমার অধীনে নেই। এ বিষয়ে আমাদের সিইও ভাল বলতে পারবেন উনিই দেখছেন বিষয়টা।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম এ ব্যাপারে জানান, সাইলো রোডে যে হাটটি দেওয়া হয়েছে, আমাদের প্রশাসক মহোদয় বলেছেন এই হাটের ব্যাপারে কারো কোনো জিজ্ঞাসা বা আপত্তি থাকলে সরাসরি উনার সাথে কথা বলতে।

এ ব্যাপারে জানতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এর সাথে যোগাযোগের চেষ্টা করে তাঁকে ফোনে পাওয়া যায়নি।