News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৭ দফা দাবি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মে ১১, ২০২৬, ১০:০৫ পিএম সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৭ দফা দাবি

শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখার ৭ দফা দাবিতে চলা গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি সোমবার দুপুর একটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে এক সমাবেশ শেষে মিছিল সহকারে জেলা প্রশাসক বরাবর প্রদান করা হয়েছে।

সমাবেশে সাদিয়া সুলতানা জুঁথীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেকুল ইসলাম সাদিক। সভাপতিত্ব করেন জেলা সভাপতি জয় হাসান। বক্তব্য রাখেন সংগঠনের জেলা নেতৃবৃন্দ ও নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা। 

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেকুল ইসলাম সাদিক বলেন, “রাষ্ট্রের দায়িত্ব জনগণের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। কিন্তু আজ শিক্ষা বাণিজ্যিকীকরণ, সাংস্কৃতিক সংকট, স্বাস্থ্যখাতের অব্যবস্থা এবং পরিবেশ ধ্বংস মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। জনগণের ন্যায্য দাবিকে সামনে এনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যে ৭ দফা দাবি উত্থাপন করেছে, তা কেবল শিক্ষার্থী নয়, সমগ্র জনমানুষের দাবি। এই দাবিগুলো বাস্তবায়নে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।”

জেলা সভাপতি জয় হাসান বলেন, “আমরা বিশ্বাস করি, জনগণের স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো নিয়ে ধারাবাহিক গণআন্দোলন গড়ে তুলতে পারলেই পরিবর্তনের পথ তৈরি হবে। শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য ও পরিবেশ রক্ষার এই ৭ দফা দাবি কোনো সংগঠনের দাবি নয়; এটি সাধারণ মানুষের আকাঙ্খার প্রতিফলন। আমরা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।”

দাবিসমূহ:

১। মানসম্মত শিক্ষক নিয়োগ করে স্কুল-কলেজে শিক্ষার মান বাড়াও। কোচিং-গাইড বইয়ের ব্যবসা বন্ধে কার্যকর উদ্যোগ নাও।

২। বাজেটের ২৫ ভাগ শিক্ষাখাতে বরাদ্দ দাও। বেতন-ফি কমাও, গরীব মানুষের সন্তানদের শিক্ষার অধিকার নিশ্চিত কর। শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা ও বেতন-ভাতা নিশ্চিত কর।

৩। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে পর্যাপ্ত শিক্ষক-শ্রেণিকক্ষ নিশ্চিত করে নিয়মিত ক্লাসের ব্যবস্থা ও সেশনজট নিরসন কর। নাম-বেনামে ফি বৃদ্ধি বন্ধ কর।

৪। নারায়ণগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ কর। অবিলম্বে জেলার সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দাও।

৫। নারী ও শিশু নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত কর। মাদক-জুয়া-সন্ত্রাস বন্ধে কার্যকর উদ্যোগ নাও। পর্যাপ্ত খেলার মাঠ নির্মাণ কর।

৬। জেলায় সরকারি মেডিকেল কলেজ নির্মাণ কর। সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডাক্তার-স্বাস্থ্যকর্মী-ওষুধ নিশ্চিত করে স্বাস্থ্যসেবার মান বাড়াও। হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা রোধে টিকাদান কর্মসূচি জোরদার, সচেতনতামূলক প্রচার এবং প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হবে।

৭। শীতলক্ষ্যাকে দূষণমুক্ত করতে কার্যকর ব্যবস্থা নাও। একইসাথে গণপরিবহনে অযৌক্তিক ভাড়া বৃদ্ধি বন্ধ করে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে উৎসব-বন্ধন বাসে বৃদ্ধি করা ৫ টাকা ভাড়া অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ৭ দিন হাফপাশ কার্যকর, নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে। এ সময় সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।