‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’- এ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে উৎসবমুখর আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলা বিভিন্ন প্রান্ত থেকে আসা খুদে ক্রীড়াবিদদের মাঝে ছিলো উৎসবমুখর পরিবেশ। সেই সাথে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে আনন্দমুখর পরিবেশ। সারাদেশে শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণে এই আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর যাত্রা শুরু হয়েছে।
এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তুলতে আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকায় এবার ইউনিয়ন ও সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায় থেকে এই কার্যক্রম শুরু করেছে সরকার।
১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।









































আপনার মতামত লিখুন :