News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

মুসলিম নগরে অপহরণ চাঁদাবাজি ও নির্মাণাধীন ভবনে লুটপাটের অভিযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফুতুল্লা প্রতিনিধি প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৯:২৪ পিএম মুসলিম নগরে অপহরণ চাঁদাবাজি ও নির্মাণাধীন ভবনে লুটপাটের অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহরণ, চাঁদাবাজি ও নির্মাণাধীন ভবনে হামলা-লুটপাটের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মুসলিমনগর এলাকার বাসিন্দা মোঃ কামাল হোসেন (৪২)।

অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কামাল হোসেনকে ভয়ভীতি ও বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছিল।

অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় তিন মাস আগে তাকে জোরপূর্বক অপহরণ করে কুমিল্লায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ৭ শতাংশ জমির বায়নানামায় জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়।

একই সঙ্গে তার মেয়ে উবায়দাকে জিম্মি করে মুক্তিপণ হিসেবে ২৭ লাখ টাকা আদায় করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এছাড়া অভিযুক্তরা নিয়মিত চাঁদা দাবি করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। গত তিন মাসে চার দফায় তার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা নেওয়া হয়েছে বলেও দাবি করেন অভিযোগকারী।

সর্বশেষ গত ৯ মে সকাল আনুমানিক ১০টার দিকে ফতুল্লার মুসলিমনগর এলাকায় তার নির্মাণাধীন ভবনে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগে বলা হয়।

অভিযুক্তরা নির্মাণকাজে ভাঙচুর চালিয়ে নগদ ৯ লাখ টাকা, প্রায় ২০০ বস্তা সিমেন্ট, ৩ টন রড, ১২২টি প্লেন সিটসহ কয়েক লাখ টাকার নির্মাণসামগ্রী লুট করে নিয়ে যায় বলে দাবি করা হয়েছে।

অভিযোগকারী বাধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি থানায় অভিযোগ করলে তার স্কুলপড়ুয়া কন্যাকে অপহরণের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি। এ ঘটনায় এলাকাবাসীর সঙ্গে আলোচনা শেষে নিরাপত্তাহীনতার কারণে কিছুটা বিলম্বে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান কামাল হোসেন।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।