News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুশ হুয়া? উল্টাপাল্টা কিছু খাবেন না : পরিচ্ছন্ন কর্মীদের শকু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৯:২১ পিএম খুশ হুয়া? উল্টাপাল্টা কিছু খাবেন না : পরিচ্ছন্ন কর্মীদের শকু

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু নগরীর পরিচ্ছন্ন কর্মীদের উদ্দেশ্যে বলেন, রোজার ঈদে ৫ হাজার টাকা করে পেয়েছেন, কোরবানী ঈদে ৫ হাজার টাকা করে পাচ্ছেন। এটা দেওয়া হচ্ছে  যাতে করে কোরবানী ঈদে আমাদের নগরবাসীর কোনো সমস্যা না হয়। আমাদের প্রশাসক মহোদয় অত্যন্ত পরিশ্রম করে আপনাদের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে এই বোনাসের ব্যবস্থা করে নিয়ে আসছেন। আপনাদের কথা দিতে হবে ঈদের দিন থেকে তৃতীয় দিন থেকে ৮ঘণ্টার মধ্যে বর্জ্য পরিস্কার করে ফেলতে হবে। কোনো গাফলতি করে অসম্মানিত করবেন না। আমার ওয়ার্ডের সিআই অসিম আমার একটা কর্মী যদি কোন গাফলতি করে তাহলে আপনার খবর আছে। এদের সাথে আমার ব্যক্তিগত ১০জন স্বেচ্ছাসেবী কাজ করবেন। শুধু বোনাস নিয়ে বসে থাকবেন না আর উল্টাপাল্টা কিছু খাবেন না। আপনাদের জন্য আমার ওয়ার্ডে আলাদাভাবে আপ্যাায়নের ব্যবস্থা আছে। একটা কথা মনে রাখবেন আপনারা কিন্তু নগরবাসীর অক্সিজেন। আপনারা যদি কাজ না করেন তাহলে কিন্তু নগরবাসী স্বস্তিতে থাকতে পারবে না। ঈদের দিন সকাল থেকে কাজ শুরু করবেন, বিকেলেও কাজ করবেন। খেয়াল রাখবেন কেউ যেন ড্রেনের মধ্যে গরু বর্জ্য না ফেলে।

সোমবার ২৫ মে বেলা ১২টায় নগর ভবনের অডিটোরিয়ামে ১১৩৫ জন পরিচ্ছন্ন কর্মীর প্রত্যেকের হাতে নগদ ৫ হাজার টাকা করে মোট ৫৬ লাখ ৭৫ হাজার টাকা তুলে দেওয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী ইসমাইল চৌধুরী, সমাজকল্যাণ কর্মকর্তা এ কে এম ফরিদুল মিরাজ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হেমায়েত উদ্দিন, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ এবং সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, মো. শামসুজ্জোহা, সাবেক নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা, দিলারা মাসুদ ময়না ও মাসুদা মোজাফফরসহ নাসিকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ।