News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

মেলা ফুড ভিলেজে ১৩ লাখ টাকার মালামাল চুরি!


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৭:৫৮ পিএম মেলা ফুড ভিলেজে ১৩ লাখ টাকার মালামাল চুরি!

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মেলা প্রাঙ্গণে একাধিক দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন দোকান থেকে প্রায় ১৩ লাখ টাকার মালামাল চুরি হয়েছে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে মেলা কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগও তুলেছেন তারা।

বৃহস্পতিবার (২১ মে) রাতে ভুক্তভোগী ব্যবসায়ী হাসিব হোসেন বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত একমাত্র ব্যক্তি শিপন (৫২) নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার অন্যতম আসামি। বর্তমানে তিনি ওই মামলায় জামিনে রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লার ঈদগাহ মাঠ এলাকায় মেলা ফুড ভিলেজ” নামের একটি অস্থায়ী মেলা আয়োজন করা হয়। সেখানে কসমেটিক্স, কাপড়সহ বিভিন্ন পণ্যের দোকান নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন কয়েকজন ব্যবসায়ী। তাদেরই একজন সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার বাসিন্দা হাসিব হোসেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২০ মে রাত আনুমানিক ১০টার দিকে তিনি ও অন্যান্য দোকানদাররা তাদের নিজ নিজ দোকানে মালামাল রেখে মেলা প্রাঙ্গণ ত্যাগ করেন। পরদিন ২১ মে সকাল ৯টার দিকে দোকানে এসে তারা দেখতে পান, অজ্ঞাতনামা চোরেরা দোকানের তালা খুলে ভেতরে প্রবেশ করে মালামাল চুরি করে নিয়ে গেছে। পরে বাইরে থেকে আবার তালা লাগিয়ে রাখা হয়।

ক্ষতিগ্রস্তদের দাবি, হাসিব হোসেনের দোকান থেকে প্রায় ১১ লাখ টাকার কসমেটিক্স ও কাপড় চুরি হয়েছে। এছাড়া কাকন নামের এক ব্যবসায়ীর দোকান থেকে প্রায় ৮০ হাজার টাকার কসমেটিক্স, তামান্নার দোকান থেকে প্রায় ৫০ হাজার টাকার জামা-কাপড়, রোজা রুমির দোকান থেকে প্রায় ২৯ হাজার টাকার কসমেটিক্স ও কাপড় এবং রাফির দোকান থেকে প্রায় ১ লাখ টাকার কসমেটিক্স চুরি হয়েছে।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, ঘটনার পর তারা মেলা কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও শুরুতে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং তাদের নানা অজুহাতে ঘুরানো হয়েছে। মেলা প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও ঘটনার সময় ক্যামেরা বন্ধ ছিল বলে জানানো হয়, যা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আরও সন্দেহ ও ক্ষোভ তৈরি হয়েছে।

লিখিত অভিযোগে হাসিব হোসেন দাবি করেন, মেলা কর্তৃপক্ষের অবহেলা ও যোগসাজশ ছাড়া এমন ঘটনা ঘটানো সম্ভব নয়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, মেলা সংশ্লিষ্ট এক ব্যক্তি ও তার সহযোগীদের ইন্ধনেই চুরির ঘটনা ঘটতে পারে। এদিকে ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চোরদের শনাক্ত ও মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে মেলা প্রাঙ্গণের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।