News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

ফতুল্লায় মাদক ব্যবসার ভাগ নিয়ে সংঘর্ষ, এক পক্ষে স্মারকলিপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফতুল্লা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৯:১২ পিএম ফতুল্লায় মাদক ব্যবসার ভাগ নিয়ে সংঘর্ষ, এক পক্ষে স্মারকলিপি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসার ভাগ ভাটোয়ারা নিয়ে দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে ইটপাটকেলের ঢিলে উভয় পক্ষের অন্তত ১০/১২ জন আহত হয়েছে। বুধবার রাতে ফতুল্লার কুতুবআইল শিল্পাঞ্চলে সোহেল ও খালিদ হাসান রবিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। তাৎক্ষনিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে বৃহস্পতিবার বিকেলে মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী খালিদ হাসান রবিনের পক্ষ নিয়ে স্থানীয় মুরুব্বি গোলজার হোসেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দিয়েছে।

এতে সোহেলকে মাদক ব্যবসায়ী দাবী করে তাকে দ্রুত গ্রেফতারের অনুরোধ জানানো হয়।

রবিনের নাম উল্লেখ না করায় গোলজার হোসেনকে নিয়ে কুতুবআইল এলাকায় সমালোচনার ঝড় উঠে।

এলাকাবাসী জানান, কুতুব আইল এলাকার সোহেল ও খালিদ হাসান রবিন প্রায় ৮ থেকে ১০ বছর যাবত অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসা করে আসছে। এরমধ্যে ২০২৩ সালের ১৫ আগস্ট বিপুল মাদকসহ রবিন ও তার ৪ সহযোগী জেলা ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়। এঘটনার আড়াই মাসের মাথায় আদালত থেকে মাদক মামলায় জামিনে এসে ৫ নভেম্বর ফতুল্লার কুতুবপুরে অবৈধ অস্ত্র বিক্রি করতে গিয়ে নারায়ণগঞ্জ কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে বিদেশী পিস্তল সহ রবিন গ্রেফতার হয়।

পুলিশ জানিয়েছে রবিনের বিরুদ্ধে ফতুল্লা সহ বিভিন্ন থানায় অন্তত এক ডজন মামলা রয়েছে। এসব মামলার মধ্যে অধিকাংশ মাদক মামলা।

এলাকাবাসী জানান, সোহেলের বিরুদ্ধেও মাদকসহ একাধীক মামলা রয়েছে। তার বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দীর্ঘদিন ধরেই রবিনের সাথে মাদক ব্যবসা করে আসছে।

সম্প্রতি মাদক ব্যবসার ভাগ ভাটোয়ারা নিয়ে রবিন ও সোহেলের মধ্যে বিরোধ দেখা দেয়। এনিয়ে বুধবার রাতে দুই গ্রুপ দেশী বিদেশী অস্ত্র হাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় ইটপাটকেলের ঢিলে উভয় গ্রুপের লোকজনের মাথায় ও শরীরের লেগে আহত হয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, রবিন ও সোহেলের বিরুদ্ধে অস্ত্র মাদকসহ বিভিন্ন ধারায় একাধীক মামলা রয়েছে। তারা মাদক ব্যবসার বিরোধ নিয়ে সংঘর্ষে জড়িয়েছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। তাদের বিষয় আইনগত ব্যবসা নেয়া হবে।