News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

সরকারি কাজের কৃতিত্ব যুবদলের শহিদুল বলে প্রচারের অভিযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ০৯:০১ পিএম সরকারি কাজের কৃতিত্ব যুবদলের শহিদুল বলে প্রচারের অভিযোগ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নিজস্ব অর্থায়নে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের ড্রেন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নকাজ চলমান রয়েছে।

নাসিকের উদ্যোগের বিভিন্ন কাজকে যুবদল নেতা ও কাউন্সিলর পদপ্রার্থীর ব্যক্তিগত কৃতিত্ব দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। 

মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের অনুসারীরা ফেসবুকে এমন প্রচার চালাত দেখা গেছে। যা নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।  

ওয়ার্ডের বিভিন্ন সাধারণ মানুষের ভাষ্য, সাম্প্রতিক সময়ে অভিযোগের তীর উঠা শহিদুল ইসলামের বেশ কয়েকজন ঘনিষ্ঠজন বিভিন্ন আইডিতে সিটি করপোরেশনের উন্নয়নকাজকে শহিদুল ইসলামের নিজস্ব অর্থায়নে করা হচ্ছে এমন দাবি করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার শামিল। তাদের এহেন মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারে স্থানীয়রা তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি সিটি প্রশাসকের তদারকিরও দাবি জানিয়েছেন। 

ইসমাইল হোসেন নামের ওয়ার্ডবাসী বলেন, এই ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারের আমরা তীব্র প্রতিবাদ জানাই। একই সাথে শহিদুল ইসলাম ও তাঁর সমর্থকদের উদ্দেশে বলতে চাই জনগণ এখন আর বোকা নেই। আপনারা ভালো কাজ করার প্রচেষ্টা করছেন সেক্ষেত্রে প্রতারণা কেনো?। নির্বাচন করার আগ্রহ থাকলে অবশ্যই সতর্কতায় কাজ করা লাগবে। 

নাম প্রকাশ না করার সর্তে এক যুবদল নেতা বলেন, সিটি করপোরেশনের উন্নয়ন কাজকে শহিদুল ইসলামের ব্যক্তিগত কাজ বলে প্রচার চালানো হচ্ছে। যা ইতোমধ্যে আমাদের নজরেও এসেছে। এটার জন্য আমরাও বিতর্কিত হচ্ছি। তাই জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করে বলতে চাই এসব কাজ সিটি করপোরেশনের উদ্যোগেই হচ্ছে। কোনো ব্যক্তির অর্থায়নে না।

অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন যুবদল নেতা শহিদুল ইসলাম। তিনি জানান, আমি দীর্ঘ চার মাস ধরে ১০টি ড্রেন পরিস্কারের কাজ করে গেছি। আর সিটি করপোরেশনের অনুমতি হয়েছে মাত্র চারদিন আগে। চারদিন আগে সিটি করপোরেশন থেকে ৪টা ড্রেন পরিস্কারের অনুমতি দিয়েছে। যার মধ্যে বিএনপির দুইটা, ছাত্রদলের একটা আর যুবদলের আমার নামে একটা। আমি মিথ্যা প্রচার কেনো করতে যাবো? তাই যারা এইসব মিথ্যা বানোয়াট কথাবার্তা বলে তারা হচ্ছে বিশৃঙ্খলাকারী। প্রয়োজনে আমাদের ওয়ার্ডের জনসাধারণের সঙ্গে কথাবার্তা বলে দেখেন যে কোনটা সত্য। এটা মিথ্যা প্রচার হচ্ছে আমার বিরুদ্ধে।

নাসিক ১নং কাউন্সিলরের অবর্তমানে সচিবের দায়িত্বে থাকা রাকিবুল ইসলাম বলেন, শহিদুল ইসলাম ভাই সিটি করপোরেশন কাজ নিজের নামে প্রচার করছে এমনটা আমি অবগত নই। তবে তিনি আগে থেকে নিজ উদ্যোগে কয়েকটা কাজ করেছিলেন বলে জানি। আর আমাদের সিটি করপোরেশন ড্রেন পরিস্কারের অনুমোদন দিয়েছে চারদিন পূর্বে।