নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেছেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো প্রাণঘাতী মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নিজেদের বাড়িঘর, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এ রোগের বিস্তার রোধ করা সম্ভব।
সোমবার (১৭ আগষ্ট ) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের মিজমিজি পাইনাদী রেকমত আলী হাই স্কুলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত স্কুলভিত্তিক পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেকেরই পরিবার, ঘর ও বাড়ির আঙিনা রয়েছে। ডেঙ্গু থেকে নিজেদের ও পরিবারের সদস্যদের রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে পরিবার ও প্রতিবেশীদেরও সচেতন করতে হবে।
তিনি আরো বলেন, অনেক সময় অসচেতনতার কারণে ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র কিংবা অন্যান্য স্থানে পানি জমে এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়। তাই জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নাসিক প্রশাসক আরও বলেন, গৃহস্থালি বর্জ্য যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। স্কুলের শ্রেণিকক্ষ, মাঠ ও আশপাশের এলাকাও পরিচ্ছন্ন রাখতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের হাতে নির্দেশিকা তুলে দিয়ে তিনি বলেন, ফুলহাতা পোশাক পরা, মশা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ। মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, বাবা-মা ও বড়দের সম্মান করতে হবে। আজকের শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হবে। তোমাদের মধ্য থেকেই একদিন দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি ও নেতৃত্ব উঠে আসবে।
এসময়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা, স্কুলের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীর।
কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করেন শিক্ষার্থীরা।

































আপনার মতামত লিখুন :