News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

নারায়ণগঞ্জে নদী পরিদর্শনে আসছেন তিন প্রতিমন্ত্রী ও মুখ্য সচিব


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ১০:১২ পিএম নারায়ণগঞ্জে নদী পরিদর্শনে আসছেন তিন প্রতিমন্ত্রী ও মুখ্য সচিব

নারায়ণগঞ্জে নদী গুলো সরেজমিনে পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার সহ তিনজন প্রতিমন্ত্রী।

ঢাকার চারপাশে নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে তারা নদীর অবস্থা সরেজমিনে পরিদর্শন আসবেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান দপ্তর থেকে ২৫ আগস্ট জারি করা এক নথিতে এ পরিদর্শন সূচি জানানো হয়েছে।

বুধবার ২৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত ‘রাজধানী ঢাকার চারপাশে নদীসমূহের দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা’ শীর্ষক কার্যক্রম সংক্রান্ত কেন্দ্রীয় সেলের সদস্যরা এ পরিদর্শন করবেন।

পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সঙ্গে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সফরসঙ্গী হিসেবে থাকবেন।

সূচি অনুযায়ী, সকাল ১১টায় আশুলিয়া ল্যান্ডিং স্টেশন থেকে স্পিডবোট বা কেবিন ক্রুজারে ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথে নারায়ণগঞ্জ নদী বন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রতিনিধি দলের সদস্যরা। পথে নদীর উভয় পাড়ের ওয়াকওয়ে, নৌপথের ল্যান্ডিং স্টেশন, ওয়াটার বাস স্টেশন, সদরঘাট টার্মিনালসহ বিভিন্ন স্থাপনা ও নদীর সার্বিক অবস্থা পরিদর্শন করা হবে।

দুপুর ২টা ৩০ মিনিটে প্রতিনিধি দল নারায়ণগঞ্জ নদী বন্দরে পৌঁছাবে। এরপর সড়কপথে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিকেল সাড়ে ৩টায় ঢাকাস্থ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।