News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

ফতুল্লায় কিস্তির টাকা পরিশোধ না করতে পেরে তরুণীর আত্মহত্যা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ০৮:৫৯ পিএম ফতুল্লায় কিস্তির টাকা পরিশোধ না করতে পেরে তরুণীর আত্মহত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় কিস্তি টাকা পরিশোধ করতে না পারাকে কেন্দ্র করে গলায় ফাঁস দিয়ে এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহননকারী তরুণীর নাম বৃষ্টি (১৮)।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরের দিকে ফতুল্লা পোস্ট অফিস রোডের কবরস্থান রোডের খোসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃষ্টি ফতুল্লা এলাকার কিবরিয়ার স্ত্রী। তাঁদের দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তাঁদের গ্রামের বাড়ি বরিশালে।

তার স্বামীর দাবি কিস্তির টাকা দিতে না পারায় জামিনদার খালা-শাশুড়ির সঙ্গে মনোমালিন্যের পর অভিমানে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।

স্বামী কিবরিয়া জানান, বৃষ্টির নামে বিজ সমিতি থেকে প্রায় ৮০ হাজার টাকা ঋণ নেওয়া হয়েছিল। প্রতি সপ্তাহে ২ হাজার ২০০ টাকা করে কিস্তি পরিশোধ করতে হতো। মঙ্গলবার সমিতির মাঠকর্মী শামীমা কিস্তির টাকা নিতে তাঁদের বাসায় আসেন। টাকা দিতে না পারায় তিনি বৃষ্টির কিস্তির জামিনদার তাঁর খালা-শাশুড়িকে বিষয়টি জানান।

কিবরিয়ার ভাষ্য, পরে খালা-শাশুড়ি বৃষ্টির সঙ্গে খারাপ আচরণ করলে তিনি রাগ ও অভিমান করেন। একপর্যায়ে ঘরের ভেতরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

তিনি আরও জানান, বাসায় ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে বৃষ্টিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দরজা খুলে তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন তাঁকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, বৃষ্টিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

তবে বৃষ্টির সঙ্গে খারাপ আচরণের অভিযোগ অস্বীকার করেছেন বিজের সিদ্ধিরগঞ্জ এলাকার ম্যানেজার সোহেল রানা। তিনি বলেন, ঘটনাটি জানার পর মাঠকর্মী শামীমার সঙ্গে কথা বলেছেন। শামীমা জানিয়েছেন, বৃষ্টি কিস্তির টাকা দিতে পারবেন না বললে তিনি সেখান থেকে চলে যান। পথে বৃষ্টির কিস্তির জামিনদার ও সমিতির একজন সদস্যকে বিষয়টি জানান। তাঁর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা হয়নি।

সোহেল রানা আরও বলেন, কিস্তি সময়মতো পরিশোধ করতে না পারলে এক সপ্তাহ থেকে এক বছর পর্যন্ত সময় দেওয়ার সুযোগ রয়েছে। কিস্তির জন্য কাউকে চাপ সৃষ্টি করা হয় না।

ঘটনার বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।