News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

বিদেশে আয়েশী জীবনে শামীম-বাবু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ১০:০৯ পিএম বিদেশে আয়েশী জীবনে শামীম-বাবু

প্রবাসে বেশ আয়েশী জীবন অতিবাহিত করছেন দুই এমপি। দেশে ব্যবসা বাণিজ্য চালু থাকার সুবাদে আয় রোজগার নিয়ে নেই চিন্তা। সেই সাথে এমপি থাকাকালে অবৈধভাবে বিপুল সম্পদ অর্জন করেছেন যা বসে বসে ব্যয় করলেও এক দশকে চিন্তা করতে হবে না। দেশে থাকা ব্যবসা স্থানীয় বিএনপির কোন কোন নেতার পরোক্ষ সহযোগীতাতেই চলছে। ফলে আয়েশী জীবনেই আছেন তারা।

অন্যদিকে ৫ আগস্টের পর থেকেই জেলে আছেন সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ২০২৫ সালে গ্রেপ্তার হয়ে টানা এক বছর জেল খেটে জামিনে বেরিয়েছেন সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। যদিও আওয়ামী লীগ আমলে আইভীকে বিএনপি ও জামায়াতের দোসর হিসেবে আখ্যায়িত করতো শামীম ওসমান ও তার অনুসারীরা। অথচ দিনশেষে আইভীকেই জেল খাটতে হলো রাজনৈতিক মামলায়।

সম্প্রতি অনলাইনে শামীম ওসমানকে বলতে শোনা যায়, ৫ আগস্টের পরেই দেশ ছাড়েন তিনি। খুব বেশী অসুবিধা হয়নি তার দেশ থেকে পালাতে। এই বিষয়ে বেশ অভ্যস্ত বলেও জানান। যদিও বিবিসি বাংলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জের এক বিএনপি নেতার সহযোগীতা নিয়েই দেশ ছেড়ে পালায় শামীম ওসমান ও তার পরিবার। তবে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি পলাতক এই সাবেক এমপি।

সূত্র বলছে, বর্তমানে আমেরিকায় বেশ আয়েশী জীবনেই আছেন তিনি। ট্রাভেল ভিসা নিয়ে আমেরিকাতে প্রবেশ করলেও সেখানে স্থায়ী হতে চেষ্টা চালাচ্ছেন তিনি। সেখানে বসেই আমেরিকার বিভিন্ন সভায় অংশ নিচ্ছেন। পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মী দ্বারা পরিচালিত ফেইসবুক পেইজে দিচ্ছেন সাক্ষাৎকার। সেখানে তুলে ধরছেন নিজের নানান বক্তব্য।

এদিকে শামীম ওসমানকে এমন আয়েশী জীবন যাপন দেখে ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা। তারা বলছেন, গত দুই বছর ধরে শামীম ওসমান কারও খোঁজ খবর নেয়নি। যারা ঝটিকা মিছিল করতে চেয়েছে তাদের জন্যেই কেবল পাঠানো হয় বিদেশ থেকে টাকা। বাকিরা অসুস্থ ও মামলাজনিত কারনে সহায়তা চেয়েও পাননা। এভাবেই চলছে আওয়ামী লীগের তৃণমুলের রাজনীতি। একদিকে লুটেরা গোষ্ঠি আছে আরাম আয়েশে। আর কেবল রাজনীতিতে সক্রিয় থাকার দায় পরিশোধ করতে হচ্ছে সাধারণ কর্মীদের। যাদের অনেকেই এই আন্দোলন নির্মমভাবে দমনের বিপক্ষে অবস্থান নিয়েছিলো।

তবে শামীম ওসমান এবং নজরুল ইসলাম বাবুর আয়েশী জীবন দেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন ক্ষুব্ধ হয়েছেন। তেমনি আইভীর অনুসারীরা হয়েছেন চাঙ্গা। তারা বলছেন, পালিয়ে থাকার বদলে বিচারের মুখোমুখী হয়েছেন সাবেক এই মেয়র। সেই সাথে আইভীর দৃঢ় অবস্থান এবং সংস্কারবাদী ভাবনা দেখে নিজেরাও ভাবছেন নতুন ভাবে রাজনীতির চিন্তা করতে। কর্মী ফেলে পালানো এবং দুর্নীতিগ্রস্ত নেতাদের বাদ দিয়ে ত্যাগী ও পরিচ্ছন্ন নেতাদের পেছনে রাজনীতি করতে চাচ্ছেন অনেকেই।